চ্যাম্পিয়নদের নিয়ে হতাশা
শুরুটা আর যা-ই হোক মোটেও চ্যাম্পিয়নদের মতো হয়নি। ইতালি সমর্থকেরা তাই বেজায় বেজার! প্যারাগুয়ের সঙ্গে নীরস ড্রয়ের স্মৃতি হজম করতে কষ্টই হচ্ছে অনেকের। গত সোমবার কেপটাউনে প্রথম ম্যাচ যখন চলছিল, তখন প্রিটোরিয়ার কিছুটা দক্ষিণে ইতালি দলের ঘাঁটিতে সমর্থকদের আগ্রহ ছিল খানাপিনায়। ম্যাড়মেড়ে খেলা থেকে ইতালির ঐতিহ্যবাহী ‘পাস্তা লা রাগু’ কিংবা ‘পোলো গ্রিগলিয়াতা’র মতো খাবারই ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু।রেডিও ইতালিয়ার বিপণন ব্যবস্থাপক ম্যানুয়েলা ডেনটির মতে, অন্তত প্রস্তুতি ম্যাচের থেকে ভালো খেলেছে ইতালি। তবে এখনো আশায় বুক বাঁধছেন তিনি, ‘খেলা শুরুর আগে ভেবেছিলাম, ম্যাচটি জঘন্য হবে। তবে ওরা যেভাবে খেলল, তাতে আশার আলো দেখছি। একজন ইতালিয়ান বলেই আমি এটা বিশ্বাস করি।’১৯ বছর বয়সী আইনের ছাত্রী সাবিনা এশা দক্ষিণ আফ্রিকান। অথচ সেই ছেলেবেলা থেকেই নাকি ইতালি তাঁর পছন্দের দল! বলেছেন, ‘আমার চাওয়া, ইতালি ফের বিশ্বকাপ জিতুক। কিন্তু লিপ্পির কথায় আমি যারপরনাই অবাক, তিনি যেমনটা বলেছিলেন তেমটা তো খেলল না দলটি!’ইতালির বিবর্ণ পারফরম্যান্সের পরও টেলিভিশনের ক্যামেরাম্যান মাইকেল মারান এখনই হতাশার কিছু দেখছেন না, ‘প্যারাগুয়ে গ্রুপের মধ্যে সবচেয়ে ভয়ংকর দল। নিউজিল্যান্ড ও স্লোভাকিয়ার প্রতি সম্মান রেখেই বলছি, এই দুটি দলকে হারাতে ইতালির বেগ পেতে হবে না আশা করি।’ এএফপি।