লিভারপুলের একাধিক ইউরোপীয় কাপজয়ী ম্যানেজার বব পেইজলি বলতেন, পেনাল্টি এরিয়াতে বল পেয়ে খেলোয়াড়েরা নানা দ্বিধায় ভোগেন; তাঁদের একমাত্র কাজ হওয়া উচিত জালে বল ঢোকানো; অন্য সব বিকল্প নিয়ে খেলার পরে আলোচনা চলতে পারে।
চিলির খেলোয়াড়েরা ঠিক ওই কাজটিই করলেন চ্যাম্পিয়ন স্পেনকে ২-০ গোলে হারিয়ে ও বিদায় দিয়ে। স্পেনের ৫৬ শতাংশ বলের অধিকার আর নয়টি গোলমুখী শট কাজে আসেনি। আলেক্সিস সানচেজ-উজ্জীবিত চিলি কম বলের দখল নিয়েও দুবার জালে বল ঢুকিয়ে পরের রাউন্ডের টিকিটটা নিল কিছুটা আপসেট তৈরি করেই।
চ্যাম্পিয়ন স্পেনের বিদায় খেলার ধরন পাল্টানোর চিন্তাটাকে সামনে নিয়ে আসবে। টিকি-টাকার দিন তাহলে শেষ? দক্ষিণ আমেরিকার মাটিতে ওই মহাদেশের দলগুলো ভালো করে—এই প্রচলিত সূত্রেই চ্যাম্পিয়নদের পরাজয়কে ব্যাখ্যা করা সম্ভব নয়। স্পেনের ফুটবলে কি কোথাও একটা ঘাটতি আছে, যা দুটি ম্যাচে সাতটি গোল জালে ঢুকিয়েছে। নাকি স্পেনকে আবার আমরা দেখতে থাকব প্রাক-২০০৮ সালের চেহারায়, যখন বছরের পর বছর স্পেন কোনো শিরোপা জিতত না; এমনকি ঘরের মাঠে ১৯৮২ বিশ্বকাপেও তাদের সামান্য কোনো সাফল্য নেই, যদি বা ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার দাপট ঠিকই সবাই দেখতে পেত। এসব প্রশ্ন উঠতে থাকবেই।
একটা স্বাভাবিক অঙ্গুলিনির্দেশ হবে ইউরোপের লম্বা ক্লাব মৌসুমের দিকে । ব্রাজিলে আসার অল্প কিছুদিন আগেও চ্যাম্পিয়নস লিগ ফাইনালে দুটি স্প্যানিশ ক্লাব, রিয়াল মাদ্রিদ আর অ্যাটলেটিকো মাদ্রিদ, খেলেছে যারা জাতীয় দলের একটা বড় অংশ জোগান দেয়। অন্য বড় জোগানদাতা বার্সেলোনাও কি কম ব্যস্ত ছিল? বিশ্বকাপের বছরে অন্তত ক্লাব প্রতিযোগিতার সময়সূচিটা একটু পরিবর্তন করার দাবিটা ফুটবলের মহদেশীয় শাসকেরা বিবেচনা করতেই পারেন।
গ্রুপপর্ব থেকে চ্যাম্পিয়নদের বিদায় বিশ্বকাপে এই প্রথম নয়। ১৯৬৬ সালে ঠিক আগের দুটি শিরোপাজয়ী আহত পেলের ব্রাজিল গ্রুপের তিন ম্যাচের দুটি হেরে বাড়ির পথ ধরে । ২৫ বছর বয়সী পেলেকে এমনভাবে ক্ষতবিক্ষত করা হয় যে তিনি ঘোষণাই দিয়ে ফেলেন আর বিশ্বকাপে খেলবেন না। তবে অনেক অনুরোধে তিনি ফেরেন এবং ১৯৭০ সালের চ্যাম্পিয়ন ব্রাজিল দলের মধ্যমণি হয়ে যান । ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্সও গ্রুপের বাইরে যেতে পারেনি ২০০২ সালে। আবার ২০০৬ সালের রানার্সআপ ফ্রান্স ২০১০ সালে গ্রুপের বাধা পেরোতে পারেনি । এসব তথ্যে স্পেন শান্তি পাবে না। ভুলটি কোথায় ছিল, তা খুঁজে পেতে কমিশন বসবে, পত্রিকার লেখকেরা নানা কথা বলবেন, হয়তো ভিসেন্তে দেল বস্কের যুগও শেষ হবে। কিন্তু এসব সত্ত্বেও ২০০৮ ও ২০১২-র ইউরোপের শিরোপা আর এদের মাঝে ২০১০-এর বিশ্বকাপ জয়ের গৌরব তথা এসবের পেছনের নায়কদের খেলা অনেক দিন আলোচনায় থাকবে ।
স্পেনের বিদায়ে সম্ভাব্য ছক কিছুটা হলেও বদলাল। দ্বিতীয় রাউন্ডে আর কাউকে স্পেনের মুখোমুখি হওয়ার চিন্তায় রাতের ঘুম নষ্ট করতে হবে না। ক্রোয়েশিয়া একটা বড় জয় পেয়েছে ক্যামেরুনের বিপক্ষে। মেক্সিকো-ক্রোয়েশিয়া ম্যাচটি হবে অতিগুরুত্বপূর্ণ। ধরেই নিচ্ছি ক্যামেরুনের সঙ্গে ব্রাজিল তার বাকি ম্যাচটি জিতবে। হল্যান্ড কষ্টে হলেও অস্ট্রেলিয়াকে হারিয়ে দ্বিতীয় পর্বে গেল; সঙ্গে চিলি—স্পেন নয়। বিশ্বকাপের নিষ্ঠুরতা মেশানো মজাটা ধীরে ধীরে সবাই পাচ্ছেন।