চ্যাম্পিয়নদের বিদায়
শেষ স্পটকিকটা নিলেন শেখ রাসেলের ফ্রান্সিসকো উসুকার। গোলপোস্টের অনেক ওপর দিয়ে বল চলে গেল বাইরে। হতাশায় মুখ ঢেকে মাঠেই বসে পড়লেন উরুগুইয়ান মিডফিল্ডার। ততক্ষণে টাইব্রেকারটা ৪-৩ গোলে জিতে উল্লাসে ফেটে পড়েছে ফেনী সকার দল। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন শেখ রাসেলকে বিদায় করে স্বাধীনতা কাপ ফুটবলে প্রথমবারের মতো সেমিফাইনালে ফেনীর দলটি। ৮ এপ্রিল তাদের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন।
উল্লাসটা অনেক আগেই করতে পারত ফেনী সকার। কিন্তু অনেক নাটকীয়তায় ভরা ম্যাচে উৎসবের জন্য অপেক্ষা করতে হয়েছে শেষ বাঁশি পর্যন্ত। ৭ মিনিটে গাম্বিয়ান কাব্বাহর গোলে এগিয়ে যায় ফেনী সকার। কিন্তু দুর্ভাগ্য তাদের, ৩৯ মিনিটে ল্যান্ডিং দারোবির পেনাল্টি কর্নার করে রুখে দেন রাসেল গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। ৮৯ মিনিটে রাসেলকে সমতায় ফেরান জ্যামাইকান মিডফিল্ডার রিকার্ডো কাজিনস। ১১৬ মিনিটে শেখ রাসেলকে পেনাল্টি ‘উপহার’ দেন রেফারি আজাদ রহমান। বক্সের মধ্যে বল ছাড়া এগিয়ে যাওয়া রাসেলের ফরোয়ার্ড রবিনকে ফেলে দেন আবু সুফিয়ান। মাটি থেকে উঠে দাঁড়িয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেখে অবাকই হন রবিন! সুযোগ কাজে লাগিয়ে প্যাসকেল করেন ২-১। দুই মিনিট পরই চুকা চার্লসের গোলে ২-২!