চ্যাম্পিয়নরা আরও চাপে
শুধু ইতালি কেন, ফুটবল-বিশ্বেই সমালোচনার ঝড়। একটি ম্যাচ ড্র হতেই পারে, তাই বলে বিশ্ব চ্যাম্পিয়নরা এমন নেতিবাচক ফুটবল খেলবে! এটা নিয়ে এমনিতেই ইতালির ওপর চাপ, এর সঙ্গে যোগ হলো আরও একটি দুঃসংবাদ। অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে গোলরক্ষক জিয়ানলুইজি বুফনকে।প্যারাগুয়ের বিপক্ষে গত সোমবারের ড্র ম্যাচের দ্বিতীয়ার্ধে নিতম্বের ইনজুরির জন্য খেলেননি গত বিশ্বকাপের সেরা গোলরক্ষক বুফন। বিশ্বের অন্যতম সেরা এই গোলরক্ষক নিতম্বের ইনজুরির কারণেই জুভেন্টাসের হয়ে এ মৌসুমটা ভালোভাবে খেলতে পারেননি। তার পরও বিশ্বকাপে এসেছেন সমস্যা হবে না ভেবে। কিন্তু সমস্যা শেষ পর্যন্ত হয়েই গেল।সোমবার সমস্যায় পড়ার পরও বুফন বলেছিলেন, দুই দিনের মধ্যে অনুশীলনে ফিরবেন। খেলতে পারবেন আগামী পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক বলেছেন, তিনি কবে মাঠে ফিরতে পারবেন, তার ঠিক নেই। এমনকি বিশ্বকাপেই আর নাও খেলা হতে পারে।যদি তা-ই হয়, তাহলে ইতালির জন্য এটি বড় এক ধাক্কাই। এমনিতেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কেউ এবার গোনায় ধরছে না খুব একটা। তার ওপর বুফনকে হারালে তো ছিটেফোঁটা আলোও থাকবে না তাদের ওপর!এবারের বিশ্বকাপে নেই গত বিশ্বকাপের আরেক নায়ক ফ্রান্সেসকো টট্টি। ক্যারিয়ারে এতবার চোটে পড়েছেন যে এর যাতনা কতটুকু সেটা তিনি ভালো করেই জানেন। বুফন আর ইতালির জন্য সমবেদনা জানিয়েছেন তিনি, ‘আমার কাছে খারাপ লাগছে, দলের এক নম্বর খেলোয়াড়টিই ইনজুরিতে পড়ল।’ইতালির জন্য একটি সুখবরও আছে—স্লোভাকিয়ার বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে খেলতে পারবেন চোটের কারণে বাইরে থাকা প্লে-মেকার আন্দ্রে পিরলো। এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।