চ্যাম্পিয়নরাও থামাতে পারল না ভারতকে
আবারও জিতল ভারত। আবারও ৭ উইকেটে। পার্থক্য হলো, এবার মাত্র ২ বল বাকি থাকতে। কিন্তু টি-টোয়েন্টির প্রথম চ্যাম্পিয়নদের কাছে বর্তমান চ্যাম্পিয়নদের হারের প্রকৃত ব্যবধান অনেক বড়। টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনালের এক পা দিয়ে রাখল ভারত।
প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১২৯ রানে আটকে যাওয়ার পরই কার্যত ম্যাচের সব উত্তেজনা শেষ। প্রথম ওভারে শিখর ধাওয়ানের উইকেটটি হারালেও এরপর আর পথ হারায়নি মহেন্দ্র সিং ধোনির দল। দ্বিতীয় উইকেটে রোহিত শর্মাকে নিয়ে বিরাট কোহলি ১০৬ রান যোগ করেই ম্যাচ নিয়ে নিয়েছেন হাতের মুঠোয়। ৪১ বলে ৫৪ রান করে কোহলি ফিরে গেলেও রোহিত অপরাজিত ছিলেন ৫৫ বলে ৬২ রান করে। তবে জয় পেতে ১৯.৪ ওভার পর্যন্ত খেলতে হয়েছে ভারতকে।
টস জিতে পাকিস্তান ম্যাচের মতো কালও ফিল্ডিং নেন ধোনি। টি-টোয়েন্টির সঙ্গে বেমানান ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ তোলে ১২৯। তবে ভারতের লক্ষ্যটা ১৩০ না ১৩১ এই নিয়ে ধন্দে পড়েই দেরি হয় ভারতের ইনিংস শুরু হতে। জাদেজার একটি নো বলে রান দেওয়া হয়েছিল কি না, ঝামেলা হয় সেটা নিয়েই।
টি-টোয়েন্টির বিজ্ঞাপন ক্রিস গেইল। কিন্তু কাল মিরপুরে তিনি পুরোপুরিই বিভ্রান্তির মডেল। টি-টোয়েন্টির ছোঁয়া একরকম ছিল না বললেই চলে এই বিস্ফোরক ব্যাটসম্যানের ইনিংসে। রবিচন্দ্রন অশ্বিন ও যুবরাজ সিংয়ের হাতে দুদুবার জীবন পেয়েও যেতে পারলেন ৩৪ রান পর্যন্ত। ৩৩ বলের ইনিংসে হাইলাইটস বলতে মোহাম্মদ সামি ও অমিত মিশ্রকে মিডউইকেট ও লং অন দিয়ে উড়িয়ে মারা দুটি ছক্কা। ৩০ বা তার বেশি বল খেলেছেন এমন ইনিংসে গেইলের স্ট্রাইকরেট কালই ছিল সবচেয়ে কম (১০৩.০৩)। মুখোমুখি হওয়ার তৃতীয় বলেই সামির বলে স্লিপে তাঁর ক্যাচ ফেলেছেন অশ্বিন। তখনো রানের খাতা না খোলা এই বাঁহাতি দ্বিতীয়বার জীবন পেলেন ১৯ রানে। দৌড়ে রান নেওয়াটা যার কাছে বিলাসিতা, সেই গেইল শেষ পর্যন্ত রানআউট হয়েছেন কচ্ছপগতিতে দৌড়েই।
নিজের মানদণ্ডে মন্থর গেইল তবু বলের চেয়ে রান বেশি করেছেন। কিন্তু তাঁর ওপেনিং সঙ্গী ডোয়াইন স্মিথকে মনে হলো রঙিন পোশাকে টেস্ট ক্রিকেট খেলছেন। বিশ ওভারের ক্রিকেটে ২৯ বলে ১১! ঠিক আগের ম্যাচটাতেও যেখানে রানের বন্যা, সেখানে স্মিথ-গেইলের উদ্বোধনী জুটি ৭.৫ ওভারে করল মাত্র ৩৮। ৩১ বল পর গেইল যখন ফিরলেন, রানটা তখনো মাত্র ৬২। এরপর ১৫তম ওভারে অমিত মিশ্রর পরপর দুই বলে নেই আরও দুটি উইকেট। প্রথম ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৬ রান তোলা ক্যারিবীয় ইনিংস যে ১২৯ পর্যন্ত গেল, তার কৃতিত্ব যেমন লেন্ডল সিমন্সের, তেমনি রবীন্দ্র জাদেজার।
১০ রানে একবার জীবন পাওয়া সিমন্স ১৪ রানে জাদেজার বলে লংঅনে ক্যাচ দিয়েই হাঁটা দিয়েছিলেন। কিন্তু টিভি রিপ্লে দেখাল জাদেজা করেছেন নো বল। ফিরে এসে পরের ৬ বলে ১৩ রান যোগ করেছেন সিমন্স। এর ১২-ই আবার জাদেজাকে পরপর দুবলে ছয় মেরে নেওয়া। ইনিংসের শেষ এই ওভারে মোট ২১ রান গুনেছেন এই বাঁহাতি স্পিনার। ৩ উইকেট নিলেও ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের এক-তৃতীয়াংশের বেশি রান (৪৮) এসেছে জাদেজার ৪ ওভার থেকেই।
ভারতীয় চার স্পিনার মিলে ১৪ ওভার বল করেছেন। তবে ইনিংসের শুরুতে বর্তমান চ্যাম্পিয়নদের ব্যাটে লাগাম পরিয়েছেন পেসার ভুবনেশ্বর কুমারই। ৩-০-৩-০, সুইং বোলিংয়ের অপূর্ব প্রদর্শনীতে রেকর্ডই গড়েছেন এই ডানহাতি পেসার। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে কমপক্ষে ২ ওভার বোলিং করাদের মধ্যে ভুবনেশ্বরই সবচেয়ে কিপটে বোলিং করলেন কাল।
তবে ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট নিয়ে আবারও ম্যাচসেরা লেগ স্পিনার অমিত মিশ্র।
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১২৯/৭
ভারত: ১৯.৪ ওভারে ১৩০/৩
ফল: ভারত ৭ উইকেটে জয়ী