চ্যাম্পিয়নস ট্রফির জন্য গাওয়ারের আকুতি
আইসিসি চ্যাম্পিয়স ট্রফির ইতিহাসের শেষ ম্যাচটা কালই দেখে ফেলল এজবাস্টন। ১৯৯৮ সালে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিউজিল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে পর্দা উঠেছিল যে টুর্নামেন্টের, ১৫ বছর পর ভারত-ইংল্যান্ডের বৃষ্টিবিঘ্নিত ফাইনাল দিয়ে শেষ হলো সেটা। টি-টোয়েন্টির এই যুগে অনেকের কাছে বাহুল্য হয়ে যাওয়াতেই ঘোষণা এসেছে চ্যাম্পিয়নস ট্রফির মৃত্যুদণ্ডের। আবার অনেকেই সিদ্ধান্তটা মানতে পারছেন না। ডেভিড গাওয়ার তাঁদের একজন। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের চাওয়া টিকে থাকুক চ্যাম্পিয়নস ট্রফি। সানডে টাইমসে লেখা নিজের কলামে চ্যাম্পিয়নস ট্রফির জন্য আকুতি ঝরিয়েছেন গাওয়ার, ‘আজ (গতকাল) যে ফলই হোক না কেন, চ্যাম্পিয়নস ট্রফিটা হারিয়ে গেলে আমি দুঃখ পাব। এই টুর্নামেন্টটা আমার প্রিয় হয়ে উঠেছিল, কারণ এটা অল্প সময়জুড়ে হতো, প্রতিদ্বন্দ্বিতটা খুব উঁচুমানের ছিল, বিশ্বকাপের মতো ঝুলে পড়ত না। ’চ্যাম্পিয়নস ট্রফির পরিবর্তে আইসিসি চালু করতে যাচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। গাওয়ার অবশ্য ওটা আয়োজনের কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না, ‘আমি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনায় সন্তুষ্ট নই। টেস্ট পয়েন্ট টেবিল ও এর (বর্তমান) কাঠামো নিয়ে অবশ্য আমার কোনো সমস্যা নেই। প্রতিটি টেস্ট, প্রতিটি সিরিজই এর অন্তর্ভুক্ত। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপ নির্ধারণে সেমিফাইনাল ও ফাইনাল আমি মানতে পারছি না।’ এএফপি।