চ্যাম্পিয়নস ট্রফির বদলে টেস্ট চ্যাম্পিয়নশিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুর আগেই ঠিক হয়ে গিয়েছিল, এটাই হবে শেষ চ্যাম্পিয়নস ট্রফি। ইংল্যান্ডে এবারের আসরের সাফল্য চ্যাম্পিয়নস ট্রফির অকালমৃত্যু ঠেকানোর সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত আর তা হয়নি। গত পরশু লন্ডনে শেষ হওয়া আইসিসির বার্ষিক সভায় সিদ্ধান্ত হয়েছে, ওয়ানডের এই টুর্নামেন্টের পরিবর্তে প্রতি চার বছর অন্তর আয়োজিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। যার প্রথম আসরটি বসবে ইংল্যান্ডে ২০১৭ সালের জুন-জুলাইয়ে। পরেরটি ভারতে। এতে কারা খেলবে, এটি অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ৫০ ওভারের বিশ্বকাপের মতো ওয়ার্ল্ড টি-টোয়েন্টিও ২০১৪ ও ২০১৬ সালের আগামী দুটি টুর্নামেন্টের পর থেকে চার বছর পরপর আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।২০১৪ সালে ওয়ার্ল্ড টি-টোয়েন্টি আয়োজক হিসেবে আগেই চূড়ান্ত হয়ে আছে বাংলাদেশ। ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও হবে বাংলাদেশে। আইসিসির এবারের সভায় ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত আইসিসি টুর্নামেন্টগুলোর সূচি ও ভেন্যু ঠিক করা হয়েছে। এই সময়ে দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, দুটি ৫০ ওভারের বিশ্বকাপ, দুটি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি, দুটি মহিলা বিশ্বকাপ, চারটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজিত হবে। ২০১৫ বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে, ২০১৯ ইংল্যান্ডে—এটা ঠিক হয়ে গেছে আগেই। ২০২৩ বিশ্বকাপের স্বাগতিক করা হয়েছে ভারতকে। মেয়েদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টি দুই বছর পরপরই হবে। যে কারণে ২০১৪, ২০১৬ ও ২০২০ সালে এটি ছেলেদের টুর্নামেন্টের সঙ্গে একই দেশে আয়োজিত হলেও ২০১৮ ও ২০২২ সালে আলাদা হবে। যে দুটির ভেন্যু ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগের ছড়াছড়ির কারণে ক্রিকেটের তিন সংস্করণে ভারসাম্য রাখতে টেস্ট খেলুড়ে দেশগুলোকে প্রতি চার বছরে কমপক্ষে ১৬টি টেস্ট খেলা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। তথ্যসূত্র: আইসিসি বিজ্ঞপ্তি।