চ্যাম্পিয়নস লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচ হিসেবে একজনের এটা রেকর্ড অষ্টম সেমিফাইনাল। অন্য জনের প্রথম। এই দিক থেকে লড়াইটা অসম। এই লড়াইয়ে কে জিতবেন, হোসে মরিনহো নাকি ডিয়েগো সিমিওনে?

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে আজ মুখোমুখি হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও চেলসি। অনেকেরই বিশ্বাস, মাদ্রিদের ভিসেন্তে কালদেরন স্টেডিয়ামে আজ মূল লড়াইটা হবে দুই কোচের মধ্যে! কারণটাও অনুমেয়। মরিনহো-সিমিওনে দুজনের ট্যাকটিকসই যে একই রকম। দুজনেই রক্ষণ আঁটসাঁট রেখে দলকে উইং দিয়ে খেলান। দুজনেরই পছন্দ লম্বা পাসে বল বাতাসে রেখে খেলা। দুজনের ট্যাকটিকসের লড়াইটা আজ জমে ওঠারই কথা।

অভিজ্ঞতায় মরিনহো যোজন যোজন এগিয়ে। দল হিসেবেও মরিনহোর চেলসি এগিয়ে। গত ১০ বছরে চ্যাম্পিয়নস লিগে এটা তাদের সপ্তম সেমিফাইনাল। ২০১২-এর শিরোপাজয়ী। আর অ্যাটলেটিকো সেমিফাইনাল খেলছে ৪০ বছর পর! পরিসংখ্যানও চেলসির জন্য প্রেরণার। চ্যাম্পিয়নস লিগে এর আগে একবারই মুখোমুখি হয়েছে দুই দল, ২০০৯-১০ মৌসুমে শেষ ষোলোতে দুই লেগ মিলিয়ে ৬-২ গোলে জিতেছিল চেলসি।

কিন্তু অ্যাটলেটিকোর সঙ্গে সর্বশেষ সাক্ষাৎটা চেলসির কাছে এক দগদগে স্মৃতি। ২০১২ সালে উয়েফা সুপার কাপে রাদামেল ফ্যালকাওয়ের হ্যাটট্রিকে অ্যাটলেটিকো ৪-১ গোলে বিধ্বস্ত করেছিল চেলসিকে। অ্যাটলেটিকোয় সেই ফ্যালকাও এবার না থাকলেও একজন ডিয়েগো কস্তা আছেন।

রিয়াল-বার্সাকে টপকে লা লিগায় অ্যাটলেটিকো শীর্ষে, আর চ্যাম্পিয়নস লিগে তারাই একমাত্র অপরাজিত দল। সেই ধারা বজায় রাখতে আজ ‘চেনা শত্রু’ মরিনহোই যে বড় বাধা, সিমিওনের শিষ্যরা তা জানেন। রিয়ালের কোচ থাকাকালে মরিনহো নয়বার অ্যাটলেটিকোর মুখোমুখি হয়ে প্রথম আটবারই জয়ী। তবে হেরেছেন সর্বশেষ সাক্ষাতে। গত বছরের মেতে মরিনহোর রিয়ালকে হারিয়ে কোপা ডেল রের শিরোপা জেতে অ্যাটলেটিকো। রিয়ালের বিপক্ষে ১৪ বছর পর পাওয়া ওই জয়ই রূপকথার মতো বদলে দিয়েছে অ্যাটলেটিকোকে। আরেকবার মরিনহোর মুখোমুখি হওয়ার আগে অ্যাটলেটিকো অধিনায়ক গাবি বলেছেন, ‘কোনো সন্দেহ নেই, ট্যাকটিক্যালি মরিনহোর দলের প্রস্তুতি ভালো। এখানে তারা তাদের স্বাভাবিক খেলাটাই খেলতে আসবে। রক্ষণে জায়গা দিতে চাইবে না, উইং এবং বাতাসে খেলবে। আমরাও সে রকমই খেলি।’

মরিনহোর আগের মেয়াদে চেলসিতে এক বছর খেলেছেন পর্তুগালেরই টিয়াগো। অ্যাটলেটিকোর বর্তমান সহ-অধিনায়ক চেলসি-মরিনহোর হাঁড়ির খবর জানেন বলেই হয়তো বেশি উচ্চকণ্ঠ, ‘শুধু আমি নই, হোসে এখানে তিন বছর থাকায় আমরা সবাই তাকে ভালো করে চিনি।’ টিয়াগোর জবাবটা ভালো দিতে পারতেন ফার্নান্দো তোরেস। কিন্তু সাবেক ক্লাবের বিপক্ষে আজ তাঁর একাদশে থাকাটাই তো নিশ্চিত নয়। মরিনহো অবশ্য স্পেনে আসছেন হারের হতাশা নিয়ে। শনিবার লিগে সান্ডারল্যান্ডের কাছে হারে বিবর্ণ লিগের আশা। এ হতাশা আবার চেলসির জন্য হয়ে যেতে পারে অনুপ্রেরণাও!

এদিকে ঘরের মাঠ, সাম্প্রতিক ফর্ম তো আছেই, অ্যাটলেটিকোকে উজ্জীবিত করেছে আরও একটা সংবাদ। চুক্তিতে যাই থাক, মূল ক্লাব চেলসির বিপক্ষে আজ খেলতে পারবেন অ্যাটলেটিকোর গোলরক্ষক কুর্তোয়া। এএফপি।

মু খো মু খি

অ্যাটলেটিকো-চেলসি