চ্যাম্পিয়নস লিগ অসহ্য লাগছে রোনালদোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ফুটবল আমার জীবন, ফুটবলের জন্য অনেক কিছুই ছাড়তে পারি আমি। চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলো দেখতে আর ভালো লাগছে না আমার কাছে।দুটি বক্তব্য একই জনের। বক্তার নাম ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম কথাটি তিনি বলেছিলেন বছরখানেক আগে, একটি ফুটবল ওয়েবসাইটের কাছে সাক্ষাত্কারে। দ্বিতীয় কথাটি বলেছেন গত পরশু, টিভিই টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে।ভাবছেন রোনালদো কি তাহলে বদলে গেলেন? তাঁর আর ফুটবল দেখতে ভালো লাগছে না? ব্যাপারটা আসলে তা নয়। তাঁর হূদয়জগতের বড় অংশজুড়ে এখনো ফুটবলই আছে। শুধু একটা আক্ষেপ থেকেই চ্যাম্পিয়নস লিগের খেলাগুলো আপাতত দেখছেন না রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে। চ্যাম্পিয়নস লিগের খেলা দেখতে বসলেই আরও বেশি করে এ সত্যটি মনে পড়ে যায় রোনালদোর, মনটা হাহাকার করে ওঠে। ‘চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলো আর দেখতে ইচ্ছে করে না আমার। আমাদের দল বাদ পড়ে গেছে, এটা মনে হলেই খেলা দেখাটা কেমন যেন বিরক্ত লাগে। কারণ আমরা জানি টুর্নামেন্টে থাকার মতো দল ছিলাম আমরা। শুধু নিজেদের ভুলে বাদ পড়ে গেছি’—চ্যাম্পিয়নস লিগের ম্যাচে অনীহা চলে আসার ব্যাখ্যা রোনালদোর।তিনি স্বার্থপর, খেলেন ব্যক্তিকেন্দ্রিক ফুটবল—রোনালদোর নামের পাশে স্তুতির পাহাড় যেমন জমেছে, তেমনি আছে এই অপবাদও। চ্যাম্পিয়নস লিগের খেলা দেখতে ইচ্ছে করে না বলে যে ঘোষণা দিয়েছেন, সমালোচকেরা তাতে উৎসাহই পাবেন। কেউ কেউ হয়তো তাঁর স্বার্থপরতার নতুন মাত্রাই উন্মোচন করে ফেলবেন। কিন্তু রোনালদোর আরেকটা যন্ত্রণা, চ্যাম্পিয়নস লিগে ৭ গোল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে গড়িয়েছে, অথচ রোনালদোই এখনো সর্বোচ্চ গোলদাতা। ৫ গোল করে তালিকার দ্বিতীয় স্থানে ওয়েইন রুনি। ম্যানইউর আরেকজন মাইকেল ওয়েন আছেন এর পর (৪)। তবে রুনি আগামী তিন সপ্তাহ থাকবেন মাঠের বাইরে, আর ওয়েন তো পুরো মৌসুমের জন্যই চলে গেছেন বাইরে।রোনালদোর কষ্টটা বেড়েছে এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যু বলেও। নিজেদের মাঠের ফাইনালে দর্শক হয়েই থাকতে হবে রোনালদোদের। তবে সব কষ্ট বুকে চেপে রেখে নতুন আগামীর কথাই ভাবছেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়, ‘আমরা ভুল করেছি। আমি এবং আমাদের অন্য খেলোয়াড়দের এই ভুল থেকে শিক্ষা নিতে হবে। আমরা হেরে গেছি, আবার আমাদের মাথা তুলে দাঁড়াতে হবে। আমার বিশ্বাস, আগামী বছর আমরা ভালো করব এবং এটা সম্ভব।’এমন সম্ভাবনার কথা রিয়ালে প্রতিবছরই শোনা যায়। চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ৯টি শিরোপা জিতেছে তারা। তবে সর্বশেষ ট্রফিটায় ধুলোর আস্তরণই পড়ে গেছে। সেটা যে ২০০২ সালে জেতা। ওই ২০০২ সালের পর প্রতিবছরই ‘দশমের ডাক’ দিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করে রিয়াল। কিন্তু বাস্তবতা, ২০০৪ সালের পর আর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেই উঠতে পারেনি তারা। তবে শিগগিরই এর ব্যতিক্রম ঘটবে বলে বিশ্বাস ম্যানইউর ২০০৮ সালের চ্যাম্পিয়নস লিগ বিজয়ের নায়ক, ‘আমি নিজেকে বিজয়ী ভাবতেই পছন্দ করি। আর সব সময়ই সামনে এগিয়ে যেতে চাই। আমি জানি, এটা খুব কঠিন। তবে বাস্তবতা হচ্ছে, বিশ্বে কোনো কিছুই সহজ নয়। যদি তাই হতো তাহলে পৃথিবীতে কান্নাই থাকত না।’ এএফপি, ওয়েবসাইট।