চ্যাম্পিয়নস লিগ দক্ষিণ আফ্রিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা। আগামী অক্টোবরে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কেপটাউন, জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন ও ডারবানে। লিগের টেকনিক্যাল কমিটির সদস্য সুন্দার রমন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে আজ এক বার্তায় জানিয়েছেন, এ বছরের চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা। বিস্তারিত তথ্য আসছে। ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, প্রতিযোগিতার এই মৌসুমের ভেন্যু ও ফরম্যাট নির্ধারণের লক্ষ্যে গত মাসে বৈঠকে বসেছিল চ্যাম্পিয়নস লিগের নির্বাহী পরিষদ। তবে কোনো সমাধান মেলেনি। এটা নিশ্চিত, পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন শিয়ালকোট স্টেলিয়ন এই প্রতিযোগিতায় থাকছে। মূলত টেস্ট খেলুড়ে দেশগুলোর ঘরোয়া টি-টোয়েন্টি লিগের শীর্ষ দলগুলোর চ্যাম্পিয়নস লিগে অংশ নেওয়ার কথা। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কোনো দল অংশ নেওয়ার সুযোগ পাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।এবারের চ্যাম্পিয়নস লিগে ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে সর্বোচ্চ চারটি দল থাকছে। দলগুলো হলো—কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, দিল্লি ডেয়ারডেভিলস এবং মুম্বাই ইন্ডিয়ানস। এ ছাড়া নিউজিল্যান্ড থেকে অকল্যান্ড এইসেস, ওয়েস্ট ইন্ডিজ থেকে ত্রিনিদাদ ও টোবাগো এবং অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ থেকে সিডনি সিক্সার্স ও পার্থ স্কর্চারস। শ্রীলঙ্কা ও ইংল্যান্ড থেকে কোন কোন দল অংশ নেবে, তা এখনো চূড়ান্ত নয়। চলমান ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি শেষে ইংল্যান্ড এবং আগামী মাসে অনুষ্ঠেয় প্রিমিয়ার লিগ শেষে শ্রীলঙ্কা নিজেদের দল নির্বাচন করবে।