চ্যাম্পিয়নস লিগ দেখছে চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা আগেই নিশ্চিত করে ফেলেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সুতরাং চেলসির সঙ্গে ম্যাচটা তাদের জন্য মর্যাদার লড়াইয়ের বেশি গুরুত্ব পায়নি। কিন্তু চেলসির জন্য এটা ছিল বাঁচা-মরার লড়াই। এ ম্যাচে হেরে গেলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলাটাই পড়ে যেত হুমকির মুখে। পরশু সেটা হতে দেয়নি ইউরোপা কাপের ফাইনালে ওঠা রাফায়েল বেনিতেজের দল। ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ধরে রেখেছে তারা পয়েন্ট তালিকার তৃতীয় স্থান। এর পরও চেলসির একটা বড় বাধা আছে সেটি টটেনহাম। আর আগামীকাল নগরপ্রতিদ্বন্দ্বী টটেনহামকে হারাতে পারলেই তারা পুরোপুরি স্বস্তিতে থাকবে। এ মুহূর্তে টটেনহাম (৬৫) চেলসির (৬৮) চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে রয়েছে পাঁচে। লন্ডনেরই আরেক ক্লাব আর্সেনাল ৬৭ পয়েন্ট নিয়ে আছে চারে। চেলসির কাছে হেরে গেলে টটেনহামের সম্ভাবনা একরকম শেষই হয়ে যাবে। টটেনহাম যদি শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে জায়গা না-ই পায়, হারিয়ে ফেলতে পারে নিজেদের সেরা সম্পদ গ্যারেথ বেলকে। এই মৌসুমে বেল যেমন খেলছেন, তাতে বেলকে দলে পেতে চাইবেন যেকোনো কোচই। রিয়াল মাদ্রিদ তো অনেক দিন থেকেই তক্কে তক্কে আছে এই উইঙ্গারকে দলে টানতে। বেলও আভাস দিয়েছেন চ্যাম্পিয়নস লিগে খেলতে পারার ওপরই নির্ভর করছে দলে তাঁর থাকা না-থাকা। টটেনহামের জন্য চেলসি ম্যাচটা তাই মহাগুরুত্বপূর্ণ।তুলনামূলকভাবে চেলসি একটু নিরাপদ স্থানে আছে। কিন্তু টটেনহামের সঙ্গে তাদেরও একটু ভবিষ্যৎ জড়িয়ে আছে। চ্যাম্পিয়নস লিগে খেলতে না পারলে হোসে মরিনহো যে পুরোনো ক্লাবের দায়িত্ব নেবেন, সেই গ্যারান্টি কোথায়?ম্যাড়মেড়ে ড্রয়ের দিকেই এগোচ্ছিল ইউনাইটেড-চেলসি দ্বৈরথটা। নাটক জমে ওঠে শেষ দিকে। ৮৬ মিনিটে ওল্ড ট্রাফোর্ডের দর্শকদের স্তম্ভিত করে গোল করে বসেন চেলসির স্প্যানিশ মিডফিল্ডার হুয়ান মাতা। দুই মিনিট পর চেলসি ডিফেন্ডার ডেভিড লুইজকে ফাউল করার জন্য ইউনাইটেড রাইটব্যাক রাফায়েল দেখেন লাল কার্ড। ইউনাইটেড কোচ অ্যালেক্স ফার্গুসনের দাবি, লুইজ আহত হওয়ার ভান করেছিলেন, ‘পড়ে যাওয়ার পর সে হাসছিল। এটা খারাপ। এটা কোন ধরনের পেশাদারি?’ তবে পরাজয়ের জন্য কোনো অজুহাত দাঁড় করাননি ফার্গি, ‘জয়টা চেলসির প্রাপ্য ছিল। আমরা অভিযোগ করতে পারি না, আমরা ভালো খেলতে পারিনি।’বেনিতেজ এটা নিয়ে কিছু বলেননি। চেলসি কোচের দৃষ্টি যে কালকের ম্যাচে, ‘খেলাটা কঠিন ছিল, কিন্তু বুধবারের ম্যাচটা আরও কঠিন হতে যাচ্ছে।’ এএফপি, ওয়েবসাইট।