চ্যাম্পিয়নস লিগের ছাড়পত্র
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মনেপ্রাণেই হয়তো চেলসির অমঙ্গল কামনা করবে টটেনহাম। প্রতিবেশীসুলভ ঈর্ষা থেকে নয়, নিজেদের প্রয়োজনেই। বায়ার্ন মিউনিখের কাছে চেলসি হেরে গেলেই যে আগামী চ্যাম্পিয়নস লিগে খেলাটা নিশ্চিত হবে টটেনহামের, চেলসি চলে যাবে ইউরোপা লিগে। লিগের প্রথম তিনটি স্থানে নাম লিখিয়ে ইতিমধ্যে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিয়েছে ম্যান সিটি, ম্যানইউ ও আর্সেনাল। অনেক চড়াই-উতরাই পেরিয়ে শেষ ম্যাচে ওয়েস্টব্রমকে ৩-২ গোলে হারিয়েই টানা ১৫তম বারের মতো চ্যাম্পিয়নস লিগের টিকিট পেয়েছে গানাররা। ইউরোপা লিগে সুযোগ পেয়েছে নিউক্যাসল ও লিভারপুল (লিগ কাপ জিতে)। ইতালিতে চ্যাম্পিয়ন জুভেন্টাসের সঙ্গে চ্যাম্পিয়নস লিগে জায়গা পেয়েছে এসি মিলান ও উদিনেসে। ইউরোপা লিগে লাৎসিও, নাপোলি ও ইন্টার মিলান। লা লিগা থেকে সরাসরি চ্যাম্পিয়নস লিগ খেলবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও ভ্যালেন্সিয়া। মালাগা খেলবে প্লে-অফ। অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ইউরোপা লিগে প্রথমবারের জায়গা করে নিয়েছে লেভান্তে।ফ্যালকাওয়ের ৮৮ মিনিটের গোলে ভিয়ারিয়ালকে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা আবার ইউরোপা লিগে জায়গা করে নিলেও কপাল পুড়েছে ভিয়ারিয়ালের। গত কয়েক মৌসুমে চ্যাম্পিয়নস লিগে নিয়মিত খেলা ভিয়ারিয়াল এবার নেমে গেছে দ্বিতীয় বিভাগে।