চ্যাম্পিয়নস লিগের সেমিতে বার্সেলোনা
পঞ্চমবারের মতো চ্যাম্পিয়নস লিগের সেমিতে নিজেদের জায়গা করে নিল বার্সেলোনা। ন্যু ক্যাম্পে কাল সেমির লড়াইয়ে বার্সেলোনা ৩-১ গোলে হারিয়েছে এসি মিলানকে। লিওনেল মেসির দুটি পেনাল্টি গোল ও আন্দ্রেস ইনিয়েস্তা বার্সেলোনাকে এ কঠিন লড়াইয়ে পথ দেখায়। এসি মিলানের পক্ষে একমাত্র গোলটি করেন অ্যান্টোনিও নচেরিনো। খেলার দশ মিনিটেই মেসির পেনাল্টি থেকে এগিয়ে যায় বার্সেলোনা। বক্সের মধ্যে লুকা অ্যান্টোনিনি তাঁকে ফেলে দিলে প্রাপ্ত পেনাল্টি থেকে তিনি তাঁর চ্যাম্পিয়নস লিগ ক্যারিয়ারের ৫১তম গোলটি করেন। ৩১ মিনিটের সময় নচেরিনো মিলানকে খেলায় ফেরান। তবে প্রথমার্ধ শেষ হওয়ার পাঁচ মিনিট অগে সার্জিও বুসকেতকে আলেসান্দ্রো নেস্তা বিপত্সীমায় ফেলে দিলে বার্সেলোনা পেয়ে যায় আরো একটি পেনাল্টি। এই পেনাল্টিটিরও সদ্ব্যবহার করেন মেসি।এই ম্যাচেও মেসি পেয়ে যেতে পারতেন আরও একটি হ্যাটট্রিক। কিন্তু তাঁর শট বাধাপ্রাপ্ত হয়ে ফিরে এলে খুব অল্প অ্যাঙ্গেল থেকে বিরতির কিছু পরেই বার্সেলোনার পক্ষে জয়সূচক গোলটি করেন আন্দ্রেস ইনিয়েস্তা। রয়টার্স।