চ্যালেঞ্জ কাপের চূড়ান্তপর্বে বাংলাদেশ
অপেক্ষার পালা শেষ। এএফসির সবুজ সংকেত চলে এসেছে বাফুফের কাছে। এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্তপর্বে খেলার টিকিট হাতে পেয়ে গেছে বাংলাদেশ। বাছাইপর্বে দ্বিতীয় সেরা রানার্সআপ হিসেবে আগামী বছর শুরুর দিকে মালদ্বীপে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার চূড়ান্তপর্বে খেলবে বাংলাদেশ।বাছাইপর্বে ‘ডি’ গ্রুপে দ্বিতীয় হয়ে চূড়ান্তপর্বে খেলার অপেক্ষায় ছিল বাংলাদেশ। ‘ই’ গ্রুপের খেলা শুরু হওয়ার আগের দিন ব্রুনাই এই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়ে এএফসির বাইলজ অনুযায়ী বাদ পড়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। ব্রুনাই নাম প্রত্যাহার করার আগে বাছাইপর্বে সেরা দুই রানার্সআপের একটি হওয়া লড়াইয়ে বাংলাদেশ ছিল সুবিধাজনক অবস্থানে। কিন্তু ব্রুনাই নাম প্রত্যাহার করে নেওয়ায় এএফসির বাইলজ অনুযায়ী দুর্ভাগ্যজনকভাবে বাদ পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয় বাংলাদেশের জন্য।এর কারণ এএফসির বাইলজ অনুযায়ী, ব্রুনাই নাম প্রত্যাহার করায় বাছাইপর্বে মারিয়ানা আইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ৪-০ গোলে জয়ী হওয়া ম্যাচটি হিসাবের খাতা থেকে বাদ পড়ে যায়। এই আইনে, গ্রুপের চতুর্থ দলের বিপক্ষে ম্যাচটি বাতিল হয়ে যায়। দুটি ম্যাচ হিসাবে ধরলে একটি জয় ও একটি পরাজয় নিয়ে বাংলাদেশ সেরা রানার্সআপ হওয়ার লড়াইয়ে চলে যায় তৃতীয় স্থানে। পেছন থেকে সবার ওপরে চলে আসে লাওস ও দ্বিতীয় স্থানে ভারত। কিন্তু এএফসি শেষ মুহূর্তে ব্রুনাইয়ের পলায়নপরতাকে মেনে নেয়নি। তারা ই গ্রুপে ব্রুনাইয়ের সব কটি ম্যাচকে ওয়াকওভার হিসাবে ধরায় শেষ পর্যন্ত বাংলাদেশকে দুর্ভাগ্যজনকভাবে বাদ পড়ে যাওয়ার পরিণতি বরণ করতে হয়নি।বাংলাদেশের পাশাপাশি বাছাইপর্বে প্রথম রানার্সআপ হিসেবে চূড়ান্ত পর্বে গেছে তুর্কমেনিস্তান। বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন পাঁচটি দল সরাসরিই যোগ দিচ্ছে স্বাগতিক মালদ্বীপের সঙ্গে।এশিয়ার ফুটবলের দ্বিতীয় সারির দলগুলোকে নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতা এই চ্যালেঞ্জ কাপ। চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হওয়া দলটি সরাসরি ২০১৫ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় মহাদেশীয় প্রতিযোগিতা এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে এশীয় ফুটবলের পরাশক্তিগুলোর সঙ্গে।