চ্যালেঞ্জ জয়ের এই বিজয়: মুশফিকুর
মাঠে উপস্থিত বাবাকে দারুণভাবেই সম্ভাষণ জানালেন অধিনায়ক মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাঠে দেশের প্রথম এই বিজয় তিনি উত্সর্গ করতে পারতেন তাঁর বাবাকেই। কিন্তু ওসবের মধ্যে না গিয়ে ম্যাচ শেষের সংবাদ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খানিকটা নিরাসক্তভাবেই এই বিজয়কে ‘গ্রেট উইন’ হিসেবে অভিহিত করলেন তিনি। মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উপস্থাপক রাসেল আরনল্ড চাচ্ছিলেন মুশফিকুর শ্রীলঙ্কার বিপক্ষে আজকের এই বিজয়কে মহিমা-মণ্ডিত করে কিছু কথা বলবেন, কিন্তু মুশফিক সে পথে হাঁটলেন না। বরং এই বিজয়কে আর দশটা বিজয়ের কাতারে ফেলে দিলেন এমনভাবে, যেনো জয়টা কোনো ব্যাপার নয় বাংলাদেশের জন্য।জয় এখন আসলেই দূরের কোনো ব্যাপার নয় বাংলাদেশের জন্য। দুই-তিনটি ম্যাচের পরপরই হাতে এসে ধরা দিচ্ছে একটি বড় বিজয়। ওয়ানডের জয়টাকে এখন সাধারণ পর্যায়েই নামিয়ে নিয়ে এসেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ওয়ানডেতে জয়ের পর এখন তাই আর পতাকা নিয়ে কেউ মাঠে প্রবেশ করে না, খেলোয়াড়েরা পতাকা নিয়ে ল্যাপ অব অনার করেন না—পেশাদারী কেতাটা বেশ ভালোই রপ্ত করে ফেলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।মুশফিকুর রহিম রাসেল আরনল্ডকে স্পষ্টতই শুনিয়ে দিয়ে আসলেন এই জয়টা মোটেও অপ্রত্যাশিত কিছু ছিলনা বাংলাদেশের। বরং শেষ দুটো ম্যাচে ক্রিকেটটা একটু বেশিই বাজে খেলা হয়ে গিয়েছিল বাংলাদেশের। প্রশ্ন করতে গিয়ে রাসেল আরনল্ড যেনো মুশফিককে একটু খোঁচা দিয়ে বললেন, ‘বাংলাদেশতো দিনে দিনে উন্নতি করছে..!’ প্রশ্নের ধরন যেনো বাংলাদেশ উন্নতি করছে আর শ্রীলঙ্কানরা তাতে এদ্দিনে জানল। প্রশ্নের খোঁচাটা অগ্রাহ্য করে মুশফিকুর কেবল বললেন, আজকের ম্যাচটি আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। খেলোয়াড়েরা ভালো খেলেই আমাদের আজ জিততে সহায়তা করেছে।’শ্রীলঙ্কার মতো একটি শক্তিশালি দলের বিপক্ষে নিজেদের প্রমাণেরও একটা তাড়না ছিল বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে, সেটা জানালে মুশফিকুর। সেই চ্যালেঞ্জেও মুশফিক বাহিনী পাস লেটার মার্ক পেয়েই।জয়ের তিথিতে ব্যাটিংয়ের কিছু ব্যর্থতার কাসুন্দি রাসেল আরনল্ড টেনে নিয়ে আসলেও মুশফিকুর জানিয়ে দেন দিনের শেষে জয়টাই বড় কথা। খেলোয়াড়েরা নিজেদের ভুলগুলো অবশ্যই সংশোধন করবে। প্রশংসার বৃষ্টি ঝরালেন জয়ের অন্যতম নায়ক নাসির হোসেনের ওপরও।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েও দিলশানের নিশ্চয়ই প্রচণ্ড রাগ হচ্ছিল এনামুল, নাসির, জহুরুলদের ওপর। পাল্লেকেল্লেতে আজকের বৃষ্টিভেজা দারুণ রাতটি মাটি করে দেওয়ার জন্য।