চ্যালেঞ্জ নিতে উন্মুখ সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গলফ কোর্সেই ব্যস্ত রইলেন সারা দিন। তবে অনুশীলনে নয়। এশিয়ান ট্যুরের সংবাদ সম্মেলনের পর ছবির জন্য পোজ দিলেন চার গলফার—(বাঁ থেকে) যুক্তরাষ্ট্রের বেরি হেনসন, বাংলাদেশের সিদ্দিকুর রহমান, ভারতের রশিদ খান ও সিঙ্গাপুরের মারদান মামাত। কাল কুর্মিটোলা গলফ কোর্সে l প্রথম আলো
গলফ কোর্সেই ব্যস্ত রইলেন সারা দিন। তবে অনুশীলনে নয়। এশিয়ান ট্যুরের সংবাদ সম্মেলনের পর ছবির জন্য পোজ দিলেন চার গলফার—(বাঁ থেকে) যুক্তরাষ্ট্রের বেরি হেনসন, বাংলাদেশের সিদ্দিকুর রহমান, ভারতের রশিদ খান ও সিঙ্গাপুরের মারদান মামাত। কাল কুর্মিটোলা গলফ কোর্সে l প্রথম আলো

ব্যস্ত সময় কাটছে সিদ্দিকুর রহমানের। নষ্ট করার মতো এতটুকু সময়ও হাতে নেই দেশসেরা গলফারের। আগামীকাল থেকে ‘বাড়ির উঠানে’ প্রথমবারের মতো বসছে এশিয়ান ট্যুর।
‘উঠান’ নয়তো কী? এত দিন যে কুর্মিটোলা গলফ কোর্সে শুধু ঘরোয়া টুর্নামেন্ট খেলেছেন, খেলেছেন বড়জোর কয়েকটি পিজিটিআই (প্রফেশনাল গলফ অব ইন্ডিয়া) ট্যুর, এডিটি (এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুর) টুর্নামেন্টে, সেই কোর্সেই হবে ৩ লাখ মার্কিন ডলার প্রাইজমানির আন্তর্জাতিক গলফ।
বসুন্ধরা বাংলাদেশ ওপেনে খেলতে উন্মুখ সিদ্দিকুর। প্রস্তুত হচ্ছেন হাতের তালুর মতো চেনা কোর্সে নিজের সেরাটা দিতে। কুর্মিটোলায় এশিয়ান ট্যুরের বাড়তি চ্যালেঞ্জও রয়েছে তাঁর। এখানেই জিতেছেন অসংখ্য ঘরোয়া ট্রফি।
দুটি এশিয়ান ট্যুরজয়ী গলফারের সাম্প্রতিক সময় অবশ্য ভালো যাচ্ছে না। এ বছর সিদ্দিকুর পাঁচটি এশিয়ান ট্যুরে খেলে কাট মিস করেছেন চারটিতেই! (মে ব্যাংক মালয়েশিয়ান ওপেন, থাইল্যান্ড ক্লাসিক, সিআইএমবি নিয়াগা ইন্দোনেশিয়ান মাস্টার্স এবং সর্বশেষ আফ্রো এশিয়া ব্যাংক মরিশাস ওপেন)। শুধু হিরো ইন্ডিয়ান ওপেনে সপ্তম। চোট তাঁর পিছু ছাড়ছে না। পিঠের পুরোনো ব্যথার সঙ্গে ইদানীং যোগ হয়েছে কবজির চোট। যদিও আপাতত সুস্থ। দুঃসময় কাটিয়ে তাই চ্যাম্পিয়ন হওয়ারই স্বপ্ন দেখছেন সিদ্দিকুর, ‘চোটের কারণে এই টুর্নামেন্টের জন্য সেভাবে প্রস্তুতি নিতে পারিনি। এখন অবশ্য ফিট। নিয়মিত প্র্যাকটিস রাউন্ড খেলছি। স্বাভাবিক খেলাটা খেলতে পারলে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হতে পারব ইনশা আল্লাহ।’
প্রিয় কোর্সে খেলতে উন্মুখ আরেক গলফার জামাল হোসেন মোল্লা। কুর্মিটোলাতেই সিদ্দিকুরকে টপকে সর্বশেষ ঘরোয়া টুর্নামেন্ট পেট্রনস কাপে চ্যাম্পিয়ন হয়েছিলেন। কিন্তু এশিয়ান ট্যুরে কতটা ভালো করতে পারবেন, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন। এক সপ্তাহ ধরে ভুগছেন ভাইরাস জ্বরে। সর্বাঙ্গে ব্যথা। এ জন্য অনুশীলনও করতে পারেননি। কাল হতাশার সুরে বলছিলেন, ‘নিয়মিত ওষুধ খাচ্ছি। চিকিৎসক বলেছেন দ্রুত সুস্থ হয়ে উঠব। অসুস্থ হয়েছি বলে খারাপ লাগছে।’ তারপরও দেশের মাটিতে প্রথমবারের মতো এশিয়ান ট্যুরে খেলতে তর সইছে না, ‘স্বপ্নের মতো লাগছে আমাদের। সবাই রোমাঞ্চিত, অপেক্ষায় কখন কোর্স হাতে নেব।’
এশিয়ান ট্যুর উপলক্ষে ফেডারেশন গলফারদের জন্য ইউরোপ থেকে এনেছিল দুজন বিশেষজ্ঞ কোচ। গত সপ্তাহে ১০ দিনের বিশেষ অনুশীলন করিয়েছেন তাঁরা। জামাল মনে করেন এটি খুব কাজে লাগবে, ‘আগে জানতামই না কোর্স ম্যানেজমেন্ট কী? এগুলো বুঝিয়েছেন কোচ। শিখিয়েছেন গেম প্ল্যানিং।’ বসুন্ধরা ওপেনে অংশ নেওয়া পাঁচজন অ্যামেচার এবং ২৫ জন পেশাদার গলফারের সবাই এই অনুশীলন করেছেন।
ঢাকায় পেশাদার গলফে অভিষেক হচ্ছে উদীয়মান গলফার সজীব আলীর। উপলক্ষটা স্মরণীয় করতে চান তিনি, ‘বিদেশি নামী গলফারদের সঙ্গে খেলব, ভাবতেই ভালো লাগছে।’ গত মার্চে অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপে জিতেছেন, আগের বছর ভুটান ওপেনেও চ্যাম্পিয়ন হয়েছেন। এশিয়ান ট্যুরেও ভালো ফলের আশা করছেন সজীব, ‘অন্তত সেরা পাঁচে থাকতে চাই।’
কুর্মিটোলায় খেলবেন ১৮টি এশিয়ান ট্যুরজয়ী গলফার থাইল্যান্ডের থাবর্ন ভিরাতচান্ত। এসেছেন মরিশাসে সর্বশেষ এশিয়ান ট্যুরে তৃতীয় হওয়া সিঙ্গাপুরের মারদান মামাত, ভারতের উদীয়মান গলফার রশিদ খান। দেশের মাটিতে এত তারকাদের ভিড়ে সেরাটা খেলতে পারাই বড় চ্যালেঞ্জ সিদ্দিকুর-জামালদের!