চ্যালেঞ্জ নিতে ঢাকায় পাইবাস
বাংলাদেশ দলের কোচের দায়িত্বকে চ্যালেঞ্জ মনে করেন তিনি। সেই চ্যালেঞ্জ নিতেই কাল সন্ধ্যায় কেপটাউন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশ দলের নতুন ইংলিশ কোচ রিচার্ড পাইবাস।বিসিবির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি এখনো বাকি। সন্ধ্যা সাড়ে ৭টায় বিমানবন্দরে নামার পর তাই বেশি কিছু বলতে রাজি হননি পাইবাস। তবে বলেছেন, ‘এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। আমি চেষ্টা করব বাংলাদেশ দলের সাম্প্রতিক ভালো পারফরম্যান্সের ধারাটা ধরে রাখতে।’ কাল ঢাকায় পৌঁছে আজই কাজে নেমে পড়ার কথা পাইবাসের। সকালে যোগ দেওয়ার কথা জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে। তবে প্রিমিয়ার লিগের খেলা চলছে বলে প্রথম কটা দিন ক্লাসে খুব বেশি ছাত্র পাবেন না নতুন কোচ।এশিয়া কাপের পর স্টুয়ার্ট ল চলে গেলে হঠাৎই কোচশূন্য হয়ে পড়ে বাংলাদেশ দল। রিচার্ড পাইবাস ছিলেন সম্ভাব্য নতুন কোচদের মধ্যে প্রথম পছন্দ। অনেক দেনদরবারের পর শেষ পর্যন্ত পাইবাস রাজি হন বাংলাদেশ দলের দায়িত্ব নিতে। দু-এক দিনের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হয়ে গেলে চলতি মাসের জিম্বাবুয়ে সফরই হবে বাংলাদেশ দলের সঙ্গে পাইবাসের প্রথম পরীক্ষা।