চ্যালেঞ্জ নিতে প্রস্তুত লেম্যান
বড় ধরনের পরীক্ষার মুখে ড্যারেন লেম্যান। মিকি আর্থারের বিদায়ঘণ্টা বেজে যাওয়ার পর আচমকাই দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়া দলের। দলে থিতুও হননি, এরই মধ্যে লেম্যানের সামনে বিরাট চ্যালেঞ্জ হয়ে এসেছে অ্যাশেজ। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলীয় দলের পারফরম্যান্স বিচার করলে আসন্ন অ্যাশেজ তাঁর জন্য অগ্নিপরীক্ষাই। লেম্যান কি পারবেন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে? অস্ট্রেলিয়ার বর্তমান ফর্ম অবশ্য লেম্যানকে খুব একটা আশাবাদী হতে দিচ্ছে না। সর্বশেষ দুটো অ্যাশেজ জেতায় আধিপত্যের পাল্লাটা পুরোপুরি হেলে আছে ইংল্যান্ডের দিকে। দুই দলের বর্তমান ফর্মের তুলনামূলক বিচারও এই মুহূর্তে এগিয়ে রাখছে ইংল্যান্ডকেই। অস্ট্রেলিয়া অ্যাশেজ জিততে পারে—ব্যাপারটি যেন বিশ্বাসই করতে ভুলে গেছে অনেকে। অস্ট্রেলিয়ার সাম্প্রতিক পারফরম্যান্সই ক্রিকেটপ্রেমীদের মনে সিরিজের সম্ভাব্য ফল সম্পর্কে একটা ধারণা দিয়ে রেখেছে। ইংল্যান্ডের কাছ থেকে অ্যাশেজ ট্রফি অস্ট্রেলিয়া ছিনিয়ে নেবে—এমন সম্ভাবনা তৈরির পারফরম্যান্স যে অস্ট্রেলীয় দলের খেলায় অনুপস্থিত অনেক দিন ধরেই। আত্মবিশ্বাসের এই জায়গাতেই পরিবর্তন আনতে চান লেম্যান।সামনে বিরাট পরীক্ষাই অপেক্ষা করছে, কিন্তু লেম্যানকে দেখে তা একদমই বোঝার উপায় নেই। খেলোয়াড়ি জীবনে যেমন ছিলেন আমুদে, কোচ হয়েও সেই ব্যক্তিত্বে এতটুকু চিড় ধরতে দেননি। মানছেন, এবারের অ্যাশেজ তাঁর জন্য বিরাট চ্যালেঞ্জ। তবে তাতে মোটেও ভীত নন ৪৫ বছর বয়সী এই কোচ। হঠাত্ই হাতের মুঠোয় এসে যাওয়া কঠিন এই দায়িত্ব লেম্যান উপভোগই করছেন।অস্ট্রেলীয় ক্রিকেটের সঠিক ভবিষ্যত্ গড়ে দিতে লেম্যান যে সঠিক পছন্দ—এ কথা তাঁকে দায়িত্ব দেওয়ার দিনই উচ্চারণ করেছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। সাদারল্যান্ডের সঙ্গে কাল সুর মিলিয়েছেন মাইকেল ভনও। এক টুইটার বার্তায় ২০০৫ সালে অ্যাশেজজয়ী ইংলিশ অধিনায়ক বলেছেন, ‘অ্যাশেজ সিরিজের ফল নিয়ে গত এক মাসে এই প্রথম আমার ভাবনা হচ্ছে। কারণ, লেম্যান অস্ট্রেলীয় দলের দায়িত্ব নিয়েছে। লেম্যান এখন দলকে সঠিক পথে নিয়ে আসবে।’নানামুখী সমস্যায় ত্রস্ত-বিধ্বস্ত অস্ট্রেলিয়া দলকে সঠিক পথে নিয়ে আসতে লেম্যানের কৌশলগুলো কী হবে? উত্তরটি লেম্যান দিয়েছেন তাঁর মতো করেই, ‘অস্ট্রেলিয়ার পক্ষে খেলার গর্বটা খেলোয়াড়দের মধ্যে ঢুকিয়ে দিতে পারলেই অর্ধেক কাজ হয়ে যায়। যখন ব্যাগি গ্রিন টুপি কোনো খেলোয়াড়ের হাতে থাকবে, তাকে তাতিয়ে দেওয়ার জন্য ওটাই যথেষ্ট। কারণ, ব্যাগি গ্রিন টুপি হাতে নিয়েই কেবল সে অনুভব করতে পারবে, তাঁকে কী করতে হবে।’ সূত্র: জিনিউজ।