চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সিয়েলো
সাংহাইয়ে বিরাট এক চ্যালেঞ্জ নিয়ে এসেছেন। শুধু প্রতিপক্ষ সাঁতারুরাই নয়, এখানে তাঁকে লড়তে হবে সমালোচকদের বিরুদ্ধেও—যাঁদের চোখে তিনি এখনো ডোপপাপী। কাল ৫০ মিটার বাটারফ্লাইয়ের বাছাইয়ে সেরা টাইমিং (২৩.২৬ সেকেন্ড) করে সিজার সিয়েলো জানান দিলেন, চ্যালেঞ্জটা নিতে তিনি প্রস্তুত।২০০৮ অলিম্পিকের ৫০ মিটার ফ্রি-স্টাইলে সোনা জিতে হয়েছিলেন দ্রুততম সাঁতারু। সাঁতার থেকে পাওয়া ব্রাজিলের একমাত্র সোনার মালিক তিনিই। পরের বছর রোমের বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ৫০ ও ১০০ মিটার ফ্রি-স্টাইলে ডাবলও জেতেন এই ব্রাজিলিয়ান। ওই বছরের শেষাশেষি ব্রাজিলিয়ান সাঁতার চ্যাম্পিয়নশিপে গড়েন ৫০ ও ১০০ মিটার ফ্রি-স্টাইলের নতুন বিশ্ব রেকর্ড।কিন্তু সিয়েলোর এই উত্থান হঠা ৎ ই হোঁচট খায় এ বছরের মে মাসে, যখন ডোপ টেস্টে ধরা পড়ে নিষিদ্ধ হন। এই কলঙ্ক মাথা পেতে নেননি। বরং আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর যুক্তি ছিল, ইচ্ছা করে ডোপ নেননি। দূষিত পানীয় পান করাতেই এই সমস্যা হয়েছে। যুক্তির সপক্ষে তথ্যপ্রমাণ হাজির করে ক্রীড়া আদালত থেকে মুক্তিও পান।কিন্তু নিন্দুকদের সমালোচনা থেকে মুক্তি নেই। এখনো অনেক সাঁতারু প্রকাশ্যে ও পরোক্ষভাবে তাঁর সমালোচনা করে চলেছেন। এঁদের মধ্যে সাঁতারু মাইকেল ফেল্প্সও আছেন। কিন্তু সিয়েলোর কথা, কে কী বলছে এসব কানে তুলতে তিনি নারাজ, ‘বাকিরা কী বলছে, সেটা তাদের ব্যাপার। আমি একজন সাঁতারু। এখানে (সাংহাইয়ে) এসেছি সাঁতরাতে। এর বাইরে আমি অন্যকিছুতে মনোযোগ দেব না।’গত কয়েক মাসে সাঁতারপুলের চেয়ে আদালত-আইনজীবী এসব করেই কাটাতে হয়েছে। এখন সেসব ভুলে পুরো মনোযোগ দিতে চান সাঁতারে, ‘পুলে ফেরার পর একটু অন্য রকম লাগছে। তবে বাকিদের সন্তুষ্ট করার দায় তো আমার নেই। গত কয়েক মাসে মানসিকভাবে আবেগময় সব পরিস্থিতির ভেতর দিয়ে গেছি। ফলে সবকিছু নতুন করে গুছিয়ে নিয়ে পুরো মনোযোগ দিতে বেগ পেতে হচ্ছে।’তবে সেই কঠিন কাজটা ভালোমতোই করতে হবে তাঁকে। কারণ সিয়েলো নিজেও ভালো করে জানেন, নিন্দুকদের মুখ বন্ধ করার মোক্ষম উপায় দারুণ কিছু করে দেখানো। এএফপি।