চ্যালেঞ্জ সিরিজে নেই তামিম ইকবাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তলপেটের পেশিতে টান লাগার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেটি খেলতে পারেননি তামিম ইকবাল। সেটাও এক মাস আগের কথা। জাতীয় দলের এই বাঁহাতি ওপেনার পুরোপুরি সুস্থ হননি এত দিনেও। জাতীয় দল ও ‘এ’ দলের মধ্যে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি চ্যালেঞ্জ সিরিজে তাই খেলা হচ্ছে না তাঁর।
কাল সিরিজের জন্য মুশফিকুর রহিমকে অধিনায়ক করে জাতীয় দল ও নাসির হোসেনকে অধিনায়ক করে ‘এ’ দল ঘোষণা করেছে বিসিবি। এর কোনোটাতেই তামিমের না থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের নতুন চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘১৭-১৮ ডিসেম্বর পর্যন্ত লেগে যাবে তামিমের খেলায় ফিরতে। জাতীয় লিগের আগে তাই ওর মাঠে নামা হচ্ছে না।’ চ্যালেঞ্জ সিরিজে খেলতে পারবেন না বলে হতাশ তামিম। তবে মেনে নিচ্ছেন বাস্তবতাকে, ‘আমার অবস্থা আগের চেয়ে অনেক ভালো। ব্যথাও নেই আর। তবে এখনো ম্যাচ ফিট হইনি। তা হতেই এখন ফিজিওর সঙ্গে জিম-রানিং এসব করছি।’
তামিমের তলপেটের পেশির চোটটা প্রাথমিক পর্যায়েই ছিল। তবে বিশ্রাম না পেলে এ ধরনের চোট আরও খারাপ অবস্থার দিকে যেতে পারে বলেই তাঁকে বসিয়ে রাখা হয়েছিল শেষ ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে। এখন সুস্থ হলেও খেলার মতো অবস্থা এখনো আসেনি বলে জানালেন তামিম, ‘বলতে পারেন এখন আমি সুস্থ। কিন্তু এটা এমন এক ইনজুরি, বাড়তি চাপ দিলে আরও খারাপের দিকে যেতে পারে। সে জন্যই চার সপ্তাহের বিশ্রামে ছিলাম আমি।’ সেই চার সপ্তাহ শেষে স্বাভাবিক ফিটনেস ট্রেনিংগুলো করতে পারছেন। তবে খেলার মতো ফিট হতে সময় লাগবে অন্তত আরও দুই সপ্তাহ।
চ্যালেঞ্জ সিরিজের জন্য ‘এ’ দলে জাতীয় দলের প্রতিনিধি আছেন নাসির ও মুমিনুল। আকরামের ব্যাখ্যা অনুযায়ী, নাসিরকে মূলত অধিনায়ক হিসেবেই রাখা হয়েছে ‘এ’ দলে। আর মুমিনুলকে রাখা হয়েছে ব্যাটিংয়ের সুযোগ দেওয়ার জন্য।
মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই হচ্ছে সিরিজটি। খেলা হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ১০ ও ১২ ডিসেম্বর প্রথম দুটি ম্যাচ শুরু হবে বিকেল ৫টায়। ১৪ ডিসেম্বর শেষ ম্যাচটি বেলা ১টায়। দর্শকদের জন্য তিনটি ম্যাচেই উন্মুক্ত থাকবে গ্যালারি।
জাতীয় দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), এনামুল হক (বিজয়), শামসুর রহমান, সাকিব আল হাসান, নাঈম ইসলাম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, আবদুর রাজ্জাক, সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্তজা, জিয়াউর রহমান, রুবেল হোসেন, আল-আমিন হোসেন।
‘এ’ দল: নাসির হোসেন (অধিনায়ক), জহুরুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েস, মুমিনুল হক, মার্শাল আইয়ুব, সাব্বির রহমান, নাজমুল হোসেন, ফরহাদ রেজা, আরাফাত সানি, মোহাম্মদ ইলিয়াস, মুক্তার আলী ও আলাউদ্দিন বাবু।