চ্যালেঞ্জ সিরিজের চ্যালেঞ্জ
পরশু, অনুশীলন শুরুর দিনের কথা। মাঠ থেকে দলবেঁধে ড্রেসিংরুমে ঢুকছিলেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। নাসির হোসেন বলছিলেন, ‘প্রথম ৬ ওভারে কমপক্ষে ৮০ করা চাই। পিটিয়ে ওদের বোলারদের অস্থির করে তুলতে হবে।’ পাশ থেকে মুমিনুল হকের সংগত, ‘উইকেট যত পড়বে, তত বেশি মার হবে!’
হইচই করতে করতে হয়তো মজা করেই এসব বলছিলেন নাসিররা। মজা করে বলা কথাগুলোই কি বাস্তব রূপ পাবে মাঠে? আজ থেকে শুরু টি-টোয়েন্টি চ্যালেঞ্জ সিরিজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বুঝি এটাই। জাতীয় দলকে চ্যালেঞ্জ জানাতে পারবে ‘এ’ দল? কিংবা কতটা চ্যালেঞ্জ জানাতে পারবে! বন্ধু-সতীর্থদের সঙ্গে লড়াইটা কি ‘পিকনিক’ টুর্নামেন্ট হবে, নাকি আদতেও চ্যালেঞ্জিং হবে চ্যালেঞ্জ সিরিজ?
প্রশ্নগুলোর উত্তর মিলবে সিরিজ শেষে। তবে উত্তরগুলো ইতিবাচক হওয়া জরুরি। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি টুর্নামেন্টে প্রস্তুতিটা সত্যিকার অর্থেই ভালো হওয়া প্রয়োজন। এই তিনটি ম্যাচসহ বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি ম্যাচই খেলতে পারবে বাংলাদেশ মাত্র সাতটি। টি-টোয়েন্টিতে প্রত্যাশিত উন্নতি এখনো করতে পারেনি বাংলাদেশ, টি-টোয়েন্টির ভাষাটা যেন এখনো দুর্বোধ্য। দেশের মাটিতে টুর্নামেন্টের আগে ছিদ্রগুলো ঝালাই করতে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এ জন্যই প্রয়োজন এই সিরিজে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ।
‘এ’ দলের অধিনায়ক নাসির হোসেন আশা দিচ্ছেন সেই ঝাঁজটা থাকবে। জাতীয় দলের হয়েও এই সিরিজে ‘এ’ দলের প্রতিনিধি নাসির। জাতীয় দলের বন্ধুরা আজ থেকে কয়েক দিনের জন্য ‘শত্রু’। সেটা শুধু কাগজে-কলমে নয়, সত্যিকার অর্থেই মাঠে সেটার প্রতিফলন দেখাতে চান নাসিররা, ‘জাতীয় দল বলে কোনো কথা নাই। আমাদের দলে যে খেলোয়াড় আছে তারাও জাতীয় দলে খেলে এসেছে। অনেকে জাতীয় দলের আশপাশে আছে। শুধু প্রতিদ্বন্দ্বিতা কেন, আমরা ভালো খেললে ওদের হারানোও খুব সম্ভব।’
নিউজিল্যান্ড সিরিজের আগে খুলনায় দুদলে ভাগ হয়ে খেলা তিন দিনের ম্যাচে তীব্র লড়াই দেখে দারুণ উচ্ছ্বসিত ছিলেন শেন জার্গেনসেন। এই সিরিজেও সেটা দেখতে চান জাতীয় কোচ, ছাত্রদের বার্তা দিয়েছেন, ‘মাঠে নেমে কোনো সতীর্থ বা বন্ধু নেই এখানে।’ প্রতিদ্বন্দ্বিতার নিশ্চয়তা পাওয়া যেতে পারে আরেকটি কারণেও। বাংলাদেশের টি-টোয়েন্টি দলটা এখনো থিতু হয়নি, লুফে নেওয়ার মতো জায়গা বেশ কটিই আছে। ক্রিকেটারদের সেটি মনে করিয়ে দিলেন নির্বাচক হাবিবুল বাশার, ‘এই টুর্নামেন্ট ক্রিকেটারদের জন্যও সুযোগ, নির্বাচকদের জন্যও সুযোগ। ভালো করলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ মিলে যেতে পারে অনেকের, আমরাও দেখতে পাব সেই ইচ্ছেটা তীব্র কার কার।’
গত দুদিনের অনুশীলনে অবশ্য সিরিয়াসনেসটা যথেষ্টই চোখে পড়েছে। মাঠের ক্রিকেটে সেটার প্রতিফলনই চ্যালেঞ্জ সিরিজের মূল চ্যালেঞ্জ।