চ্যালেঞ্জটা জানেন হকির নতুন কোচ

কাঁধে লম্বা ব্যাগ। পরনে নীল জিন্স। টি-শার্ট। গোবিনাথান কৃষ্ণমূর্তির চেহারায় তখনো বিমান ভ্রমণক্লান্তির ছাপ। হোটেলে ব্যাগ রেখেই চলে এলেন ফেডারেশনে। জাতীয় হকি দলের নতুন কোচকে নিয়ে ফেডারেশন সভাপতির কক্ষে ঢুকলেন তাঁর সহযোগী মামুনুর রশীদ। কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পরিচয়পর্ব শেষে বাংলাদেশের হকির কিংবদন্তি আবদুস সাদেকের প্রশ্ন, ‘বিশ্ব হকি লিগে আপনার লক্ষ্য কী?’ ৩৬ বছর বয়সী কোচের প্রত্যয়ী উত্তর, ‘প্রথম লক্ষ্যই বাংলাদেশকে বিশ্ব হকি লিগের তৃতীয় রাউন্ডে তোলা।’
এশিয়ান গেমসের পর গত অক্টোবরে পাকিস্তানি কোচ নাভিদ আলম বিদায় নিয়েছেন। এরপর অনেক কাঠখড় পুড়িয়ে আরেকজন বিদেশি কোচ আনতে পারল ফেডারেশন। মালয়েশিয়া জাতীয় দলের সহকারী কোচ ছিলেন সর্বশেষ লন্ডন অলিম্পিকে। জাতীয় দলে রক্ষণভাগে খেলেছেন ১৯৯৭ থেকে ২০০৪ পর্যন্ত। কোচিং ক্যারিয়ার শুরু ২০০৭ সালে। মালয়েশিয়ান বয়সভিত্তিক দল নিয়েই বেশির ভাগ সময় কাজ করেছেন। তরুণ এই কোচের অধীনে মালয়েশিয়া অনূর্ধ্ব-২১ দল জিতেছে জোহোর কাপ, অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে দুবার হয়েছে রানার্সআপ।
মাত্র দুই মাসের চুক্তিতে ঢাকায় আসা গোবিনাথানের। এই প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব নিলেন। এটাকে বড় সুযোগ হিসেবেই দেখছেন তিনি, ‘সম্প্রতি কোচিংয়ের ওপর ট্রেনিং নিতে জার্মানিতে গিয়েছিলাম। এর আগে ছিলাম আমস্টারডামে। জার্মানি বসেই জানতে পারি, বাংলাদেশের কোচ দরকার। আমার মনে হলো, এ পর্যন্ত যেটুকু শিখেছি তা প্রমাণ করার এটাই দারুণ সুযোগ।’
২৫ জানুয়ারি সিঙ্গাপুরে শুরু বিশ্ব হকি লিগের তৃতীয় রাউন্ড। সময় তো কম! গোবিনাথানের উত্তর, ‘দল যেমনই হোক অথবা মাত্র এক দিন আগে দায়িত্ব দেওয়া হোক, চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত।’
ঢাকায় আসার আগে যথেষ্ট হোমওয়ার্ক করে এসেছেন। জানালেন, সর্বশেষ এশিয়ান গেমসে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচটি দেখেছেন। আরও কয়েকটি ম্যাচের ভিডিও ফুটেজও দেখেছেন। এই দল নিয়ে তাঁর মন্তব্য, ‘দলে কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় আছে। তবে এখনো কিছু জায়গায় উন্নতি করতে হবে।’ মালয়েশিয়ার সঙ্গে ওই ম্যাচে প্রথম তিন কোয়ার্টার দুর্দান্ত খেলে বাংলাদেশ। ১-১-এ সমতায় থেকেও শেষ পর্যন্ত ৪ গোল হজম করে শেষ কোয়ার্টারে। আধুনিক হকির সঙ্গে এখনো যে অভ্যস্ত হয়ে উঠতে পারেনি বাংলাদেশ, ওই ম্যাচ দেখে তেমনই মনে হয়েছে গোবিনাথানের, ‘হকি এখন অনেক বদলে গেছে। এখন হকিতে ব্যক্তিগত পারফরম্যান্স বলে কিছু নেই। এটা এখন অনেক বেশি গতি ও শক্তির খেলা। এখানে ছন্দটাও ধরে রাখা জরুরি। যখনই কেউ তা হারিয়ে ফেলবে তখনই অন্যরা গোল দেবে। এশিয়ান গেমসে মালয়েশিয়ার সঙ্গে শেষ দিকে এসে ঠিক এটাই হয়েছিল বাংলাদেশের।’
বাংলাদেশ দলে কোনো ফিজিও বা ভিডিও অ্যানালিস্ট নেই। তবে প্রথম দিনেই এ নিয়ে মন্তব্য করতে চাইলেন না গোবিনাথান।