চ্যালেঞ্জটা জিততে চান হজসন
আনুষ্ঠানিক ঘোষণাই কেবল বাকি ছিল। সেটাও হয়ে গেল মঙ্গলবার। ফ্যাবিও ক্যাপেলোর উত্তরসূরি ঘোষণা করা হয়েছে রয় হজসনকে। চার বছরের জন্য ইংল্যান্ড ফুটবল দলের দায়িত্ব নিলেন ৬৪ বছর বয়সী কোচ। কোচ হওয়ার লড়াইয়ে সবার আগে ছিলেন হ্যারি রেডন্যাপ। আগে কোনো ইঙ্গিত ছাড়াই রোববার ছড়িয়ে পড়ে হজসনের নাম। সেটাই শেষ পর্যন্ত সত্যি হলো।ইংল্যান্ডের কোচের কাজটা এমনিতেই কঠিন। হজসনের দায়িত্ব শুরু হচ্ছে আরও একরাশ চ্যালেঞ্জ নিয়ে। ইউরো ২০১২ দরজায় কড়া নাড়ছে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই। দলের নাম ঘোষণা করতে হবে ২৯ মের মধ্যে। নতুন শিষ্যদের পরখ করার জন্য পাচ্ছেন মাত্র একটি ম্যাচ, ২৬ মে গা গরমের ম্যাচে অসলোতে ইংল্যান্ড মুখোমুখি হবে নরওয়ের। ইউরোর আগে প্রস্তুতি ম্যাচ আছে আর মাত্র একটিই—বেলজিয়ামের বিপক্ষে, ২ জুন। তা ছাড়া দায়িত্ব নেওয়ার আগেই ব্রিটিশ মিডিয়া দাঁড়িয়ে গেছে তাঁর বিপক্ষে। সাবেক ফুটবলারদের অনেকের কাছেও এটা ছিল বিস্ময়। গুঞ্জন আছে, বিস্মিত বর্তমান ফুটবলাররাও।হজসন অবশ্য নতুন দায়িত্ব নিয়ে বেশ রোমাঞ্চিত, ‘আমার জন্য এটা অনেক গর্বের একটা মুহূর্ত। দেশকে কোচিং করানোর প্রস্তাব পেয়ে আমি খুবই খুশি। দায়িত্বটা নিতে আমি উন্মুখ হয়ে আছি। সবাই জানে কাজটা সহজ নয়। আশা করি, ভক্ত-সমর্থক সবাই দলের সঙ্গে থাকবে। দলটাই আসল, মাঠে গিয়ে খেলবে দল। আমার চেষ্টা থাকবে দলকে চ্যালেঞ্জের জন্য সম্ভব সেরা উপায়ে প্রস্তুত করে তোলা। সত্যিই চ্যালেঞ্জটা নিতে আমি উন্মুখ।’লিভারপুলে মাত্র কিছুদিন থাকাকালেই ভক্তদের চক্ষুশূলে পরিণত হয়েছিলেন অতিরক্ষণাত্মক বলে। হজসনকে নিয়ে সবচেয়ে বড় সমালোচনাও এটাই। তাঁর মানবব্যবস্থাপনাও প্রশ্নবিদ্ধ। সবচেয়ে বড় শঙ্কা, দু-একজন ছাড়া ইংল্যান্ডের বর্তমান দলের কাউকেই খুব কাছ থেকে দেখেননি। লিভারপুলের ছোট্ট মেয়াদ ছাড়া ইংল্যান্ডের বড় কোনো ক্লাবের দায়িত্বেও ছিলেন না।হজসন অবশ্য এটাকে খুব বড় সমস্যা মনে করছেন না, ‘সব কোচেরই খেলোয়াড়দের মন জয় করতে হয়। দলে এসেই অনেকের সঙ্গে প্রথম পরিচয় হচ্ছে, এমন কোচ আমিই প্রথম নই। নতুন দায়িত্বে সব কোচেরই শিষ্যদের মন জয় করতে হয় একং একটি লক্ষ্যের পেছনে দলকে এককাট্টা করতে হয়। আশা করি, আমি পারব।’কাজটা সহজ হবে না মোটেও। ইউরোতে ইংল্যান্ডের ভাগ্য কখনোই সুপ্রসন্ন নয়। ইংল্যান্ডই ইউরোপের একমাত্র বিশ্বকাপজয়ী দেশ, যারা ইউরো জেতেনি। শেষ চারেই উঠেছে মাত্র দুবার। এএফপি, রয়টার্স।