চ্যালেঞ্জটা জিতেছেন কাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম মৌসুমে ছিলেন নিজের ছায়া হয়ে। দ্বিতীয় মৌসুমে তাঁকে পার্শ্বচরিত্র বানিয়ে দিল চোট, দীর্ঘ সময়ের জন্য ছিটকে গেলেন মাঠের বাইরে। এই মৌসুমে বাধা হয়ে দাঁড়াল কোচের পছন্দ-অপছন্দ। একাদশে সুযোগ মিলতে থাকল সামান্যই। এমনও খবর শোনা গেল, রিয়াল মাদ্রিদের জন্য ‘সাদা হাতি’ হয়ে ওঠা কাকাকে বেচে দিতেই বেশি আগ্রহী হোসে মরিনহো। রিয়ালে তাঁর বিদায়ের ঘণ্টাধ্বনি বাজছে।ত্রিশের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা কাকার জন্য ছিল নিজেকে প্রমাণের বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ জিতেছেন ব্রাজিলিয়ান তারকা। গত কয়েক ম্যাচেই মাঠে দুর্দান্ত কিছু ঝলক দেখিয়েছেন। এসি মিলানের সেই কাকা যেন বিদ্যুচ্চমকের মতো হাজির হচ্ছিলেন ক্ষণে ক্ষণে। স্প্যানিশ লিগে গত ম্যাচে পেয়ে গেলেন গোলের দেখাও। খুব কম ম্যাচেই প্রথম একাদশে জায়গা পাওয়া, তারও চেয়ে কম ম্যাচে ৯০ মিনিট খেলার সুযোগ পাওয়া কাকার লিগে এটি চতুর্থ গোল, করিয়েছেন পাঁচটি।কাকা জিতেছেন ‘আস্থা ভোটে’ও। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও কোচ মরিনহো দুজনই কাকাকে আশ্বস্ত করেছেন, ক্লাব তাঁর সেবা চায় আরও অনেক দিন। জানুয়ারির দলবদলের মৌসুম গতকালই শেষ হয়ে গেছে। এরও আগে কাকাকে রিয়াল সবুজ সংকেত দিয়ে জানিয়ে দিয়েছে, শীতকালীন দলবদলের সময়ও তাঁকে বেচে দেওয়ার কোনো চিন্তাভাবনা নেই।মাদ্রিদের ক্রীড়া দৈনিক এএসকে কাকা নিজেই জানিয়েছেন এই সুসংবাদ, ‘এটা নিয়ে (জানুয়ারিতে বিক্রি করে দেওয়া) আমি ফ্লোরেন্তিনো ও মরিনহোর সঙ্গে কথা বলেছি। তাঁরা আমাকে আশ্বস্ত করেছেন, এটা ঘটছে না। গুঞ্জন সব সময়ই হবে। এমন নয় যে, এই প্রথম পত্রপত্রিকায় লেখালেখি হলো আমি চলে যাচ্ছি। তবে আমি সব সময়ই বলে এসেছি, আমার চাওয়া এখানে থেকে যাওয়া, সফল হওয়া।’ ওয়েবসাইট।