চ্যালেঞ্জটা নিচ্ছেন বেইলি
ডন আর্গাস রিভিউ কমিটি গঠনের পর থেকে বৈপ্লবিক সব পালাবদল দেখেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট। তবে সবচেয়ে বড় চমক এখন পর্যন্ত নিঃসন্দেহে জর্জ বেইলি। ঘরোয়া টি-টোয়েন্টিতে যা রেকর্ড, তাতে অস্ট্রেলিয়া দলে সুযোগ পাওয়াটাই হতো বিস্ময়। অথচ কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা ব্যাটসম্যানকে করা হলো কি না টি-টোয়েন্টি দলের অধিনায়ক! সিডনিতে আগামীকাল অভিষেকেই বেইলি নামবেন টস করতে। ক্রিকেট ক্যারিয়ারের স্মরণীয়তম মুহূর্তটির আগে তাসমানিয়ান অধিনায়ক জানিয়েছেন, নির্বাচকদের এই জুয়ায় জিততে নিজেকে উজাড় করে দেবেন তিনি। সবার শ্রদ্ধা আদায় করে নেবেন পারফরম্যান্স দিয়েই।বেইলিকে নির্বাচনের ক্ষেত্রে জন ইনভেরারিটির কমিটি অস্ট্রেলিয়ার রীতি বাদ দিয়ে অনুসরণ করেছে ইংল্যান্ডের ঐতিহ্য—আগে অধিনায়ক, পরে দল। ইনভেরারিটির যুক্তি, সবচেয়ে চতুর অধিনায়ক প্রয়োজন টি-টোয়েন্টিতেই। সংক্ষিপ্ত সংস্করণের এই ক্রিকেটে ম্যাচের বাঁক বদলায় প্রতি মুহূর্তেই, তাই প্রয়োজন হয় দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। অধিনায়কের ভূমিকা এ জন্যই এখানে খুব গুরুত্বপূর্ণ। অনেক দিন ধরেই অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে আলোচিত অধিনায়কদের একজন বেইলি। গত বছর তাঁর নেতৃত্বে শেফিল্ড শিল্ড জিতেছে তাসমানিয়া, আগের বছর জিতেছে ঘরোয়া ওয়ানডের শিরোপা। আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অধরা ওই শিরোপার দেখা পেতে মরিয়া অস্ট্রেলিয়ার বাজি এবার বেইলি।তবে সবচেয়ে বড় প্রশ্ন, তিনিও মাইকেল ক্লার্কের মতো হবেন না তো? ক্লার্ককেও টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছিল ‘চতুর’ বলে। কিন্তু টি-টোয়েন্টির ব্যাটিংয়ের সঙ্গে মানিয়ে নিতে না পেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায়ই বলে দিয়েছেন ক্লার্ক। বেইলির টি-টোয়েন্টি রেকর্ডও এমন সংশয় জাগাচ্ছে। ৪০ ম্যাচে মাত্র ৫টি ফিফটি তাঁর, সর্বোচ্চ ৬০। সদ্য সমাপ্ত বিগ ব্যাশেও নেই বলার মতো পারফরম্যান্স (৮ ম্যাচে ১৯ গড়ে ১১৪)।তবে নিজের এমন রেকর্ডের জন্য বেইলি দায় দিচ্ছেন মিডল ও লোয়ার-মিডল অর্ডারে ব্যাটিং করাকে। গড় না দেখে তাকাতে বলছেন তাঁর স্ট্রাইক রেটের (১৩২) দিকে, ‘টেস্ট ক্রিকেটে ক্যারিয়ার শেষে কারও গড় দেখে হয়তো ধারণা করা যায় সে কেমন ব্যাটসম্যান ছিল। কিন্তু টি-টোয়েন্টিতে দেখতে হয় জুটিতে অবদান রাখতে পারছে কি না, কোন পরিস্থিতিতে ব্যাটিংয়ে নামছে, প্রয়োজনের সময় চার-ছয় মেরে কার্যকর ভূমিকা রাখতে পারছে কি না।’তবে শুধু অধিনায়কত্ব দিয়ে যে দলে জায়গা ধরে রাখা যাবে না, এটা ভালোমতোই জানা ২৯ বছর বয়সী ব্যাটসম্যানের, ‘আমি হয়তো অধিনায়ক, কিন্তু সবকিছুর আগে আমাকে পারফর্ম করতে হবে। পারফরম্যান্সের একটা অংশ হবে অধিনায়কত্ব, কিন্তু ব্যাট হাতে আমাকে পারফর্ম করতে হবে। যদিও আমার মনে হয় না আমার রেকর্ড কারও চেয়ে খারাপ, বিশেষ করে বেশির ভাগ সময় যাকে মিডল অর্ডারে ব্যাটিং করতে হয়।’বেইলির দাবি হয়তো সত্যি, তবে সবচেয়ে বড় সত্যি ব্যাট হাতে তাঁকে পারফর্ম করতেই হবে। বড় মঞ্চ আর সুযোগ আবার অনেক সময়ই অনেকের সেরাটা বের করে আনে। বেইলির ক্ষেত্রেও সেটা হবে, নাকি পথ ধরবেন ক্লার্কের, বোঝা যাবে কাল থেকেই। ওয়েবসাইট।