চ্যালেঞ্জের জন্য প্রস্তুত ইমরুল

দুই বছরেরও বেশি সময় পরে জাতীয় দলে ফিরেছেন ইমরুল কায়েস। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের আগে দারুণ আত্মবিশ্বাসী এ ওপেনার। ইমরুলের ফেরার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে সাম্প্রতিক সময়ে ঘরোয়া টুর্নামেন্টের দারুণ পারফরম্যান্স।
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দুই ম্যাচে তাঁর সংগ্রহ ২২৩। এর মধ্যে একটি করে শতক ও অর্ধশতক রয়েছে। গড় ৭৪.৩৩। এ ছাড়া গত বছর ঢাকা প্রিমিয়ার ডিভিশনে ৪৩.৬৬ গড়ে করেছেন ৬৫৫।
চনমনে ইমরুল জানালেন, ‘নিশ্চিত ছিলাম না বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএলে) ভালো করব, তবে আমার লক্ষ্য ছিল জাতীয় ক্রিকেট লিগে ভালো খেলার। বড় টুর্নামেন্ট হিসেবে ঢাকা প্রিমিয়ার লিগে খুব সিরিয়াস ছিলাম। সেখানে পারফর্ম করতে মুখিয়েই ছিলাম এবং তা ভালোভাবেই করেছি।’
দুই বছর আগেও বাংলাদেশের ওপেনিং জুটি মানেই ছিল তামিম-ইমরুল। ২০১১ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের পর ইমরুল চলে যান জাতীয় দলের বাইরে। এরপর তামিমের সঙ্গে অনেককেই চেষ্টা করানো হলেও থিতু হতে পারেননি কেউ। নিজের ব্যাটিং পজিশন নিয়ে অবশ্য সাংবাদিকদের ইমরুল জানালেন, ‘ওপেনিং কিংবা তিন নম্বর—যেখানেই হোক না কেন, খেলতে প্রস্তুত রয়েছি।’
গত দুটো বছর দুঃসময় গেছে ইমরুলের। সময় এখন সব পেছনে ফেলার। বললেন, ‘অন্য যে কারও মতো, উত্থান-পতনের মধ্য দিয়ে গিয়েছি। তবে বিশ্বাস ছিল, যদি কিছু ভালো ইনিংস খেলতে পারি, তবে ফিরবই। এবং সেটা আমি করেছি।’
২০০৮-এ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হওয়ার পর ১৬ টেস্ট খেলেছেন ইমরুল। কিন্তু প্রতিভা বিচারে তাঁর টেস্ট পরিসংখ্যানটা বড্ড বেমানান। ১৭.১৫ গড়ে রান করেছেন ৫৪৯। ঝুলিতে একটি মাত্র অর্ধশতক। অবশ্য এবার পরিবর্তনের গানই শোনাচ্ছেন, ‘কিছু টেকনিক্যাল পরিবর্তন করেছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানসিকতা পরিবর্তন করেছি; যেটি টেস্ট ক্রিকেটে খুবই দরকার। অনেক পরিশ্রম করেছি যাতে সফল হতে পারি। ফিরে আসায় অবশ্যই ভালো লাগছে। তবে এ ভালো লাগা দীর্ঘায়িত হবে যদি টেস্ট ম্যাচে সুযোগ মেলে।’