চ্যালেঞ্জের জন্য প্রস্তুত কুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪-০, ১-০ ও ৩-০। কী এসব? ইংল্যান্ড-পরীক্ষায় ভারতের নম্বরপত্র। ডানের তিনটা শূন্যই ভারতের প্রাপ্তি। চার ম্যাচের টেস্ট সিরিজ, একমাত্র টি-টোয়েন্টির পর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ (বৃষ্টিতে ভেসে যাওয়া দুটো ম্যাচ), সবখানেই খালি হাতে ফিরেছে মহেন্দ্র সিং ধোনির দল। ভারতীয় সমর্থক হলে আপনি অবশ্য প্রশ্ন তুলতে পারেন, আবারও এসব নিয়ে কপচানো কেন? ইতিমধ্যেই যথেষ্ট তিতকুটে হয়ে পড়া লেবুটাকে রেহাই না দিলেই কি নয়!না, চাইলেও বাদ দেওয়া যাচ্ছে না। ভারত যে আবার সেই ইংল্যান্ডেরই মুখোমুখি হচ্ছে। ১৪ অক্টোবর হায়দরাবাদে শুরু ওয়ানডে সিরিজের প্রথমটি। এই সফরে অবশ্য পাঁচটি ওয়ানডে আর একটাই টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। ফলে ভারত চাইলেও টেস্টে ধবলধোলাই হওয়ার শোধটা তুলতে পারবে না। আর এ কারণেই বেশি দুশ্চিন্তা অ্যালিস্টার কুকের।ভারতেরই মাটিতে প্রতিশোধের আগুনে পুড়তে থাকা ভারতের মুখোমুখি হওয়াটা বড় চ্যালেঞ্জ হবে আসবে বলেই মনে করছেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক, ‘অবশ্যই সেখানে আমাদের কাজটা কঠিন হবে। তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চাইবে। তা ছাড়া কন্ডিশনও থাকবে ওদের পক্ষে। যেসব উইকেটে খেলা হবে, সেখানে খুব একটা ঘাস থাকবে বলে মনে হয় না।’তবে কুক বলছেন চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত তাঁর দল, ‘ভারত নিজেদের মাঠে বিশ্বসেরা। প্রতিশোধের জন্য ব্যাকুল থাকবে। এখন এটা আমাদের ওপর, আমরা কন্ডিশনের সঙ্গে কীভাবে মানিয়ে নেব, কীভাবে খেলব। সেরা খেলোয়াড়েরা অবশ্যই এটা মানিয়ে নিতে পারবে। তবে আমাদের এমন কিছু খেলোয়াড় আছে, যারা ইংল্যান্ডের হয়ে ভারতে কখনো খেলেনি। তাদের জন্য এটা হবে শিক্ষণীয়। তবে তারা অবশ্যই এটা সামলে উঠতে পারবে।’প্রথম দুটি ওয়ানডের জন্য ঘোষিত দলে শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, যুবরাজ সিংরা নেই। তার পরও কুকের জন্য এই সিরিজটা হতে যাচ্ছে বড় চ্যালেঞ্জ। কারণ পরিসংখ্যানও ভারতের পক্ষে। ১৯৮৫ সাল থেকে ইংল্যান্ডের কোনো দল ভারতকে তাদের মাটিতে ওয়ানডে সিরিজে হারাতে পারেনি। ভারতে খেলা গত দুটি সিরিজে আবার ৫-১ ও ৫-০ ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। ওয়েবসাইট।