১০ সপ্তাহ আগেও তিনি দৃশ্যপটে ছিলেন না। আড়াই মাসের মধ্যেই কী ওলটপালট! ভারপ্রাপ্ত কোচ হয়ে ঝরে পড়া জাহাজটির হাল শক্ত করে ধরাই ছিল তাঁর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ ভালোমতোই জিতেছেন। জিতিয়েছেন মর্যাদার এফএ কাপও। রবার্তো ডি মাত্তেও এখন প্রস্তুত হচ্ছেন নতুন আরেক চ্যালেঞ্জের জন্য—চ্যাম্পিয়নস লিগ ফাইনাল!৪১ বছর বয়সীর কপালে এমনিতেই বেশ কটা ভাঁজ। সেই ভাঁজ আরও বেড়ে যাচ্ছে ফাইনালের সম্ভাব্য একাদশের ছক কাটতে গিয়ে। অধিনায়ক জন টেরিসহ চারজন খেলোয়াড় এমনিতেই খেলতে পারবেন না নিষেধাজ্ঞার খাঁড়ায়। ফুলব্যাক ব্রানিস্লাভ ইভানোভিচ, দলকে ফাইনালে তোলার অন্যতম নায়ক মিডফিল্ডার রামিরেস আর রাউল মেইরেলেসও দর্শক। মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে দলে বাসা বাঁধা চোট। গ্যারি কাহিল, ডেভিড লুইজ আর ফ্লোরেন্ত মালুদা ঠিক সময়ে ফিট হয়ে উঠতে পারবেন কি না নিশ্চিত নয়। ডি মাত্তেওর চ্যালেঞ্জটা তাই দ্বিগুণ হয়ে যাচ্ছে। এমনিতে বায়ার্ন মিউনিখ খেলবে নিজেদেরই মাঠে। জোড়াতালি দিয়ে একাদশ সাজিয়ে কি আর লড়াই করা যায়?যায়! ডি মাত্তেও এই সংক্ষিপ্ত সময়ে একটা জিনিস নিশ্চিত করে দিয়েছেন, ঢেউ দেখেই নাও দোলানোর লোক তিনি নন। ডাগ-আউটে যেমন নীরব-নিঃশঙ্ক দাঁড়িয়ে থাকেন, ভেতরে ভেতরেও ইতালিয়ান দৃঢ়তা মিশে আছে তাঁর মজ্জায়। প্রথম পছন্দের সাতজনকেই না পাওয়ার শঙ্কা, এত করেও চেলসির স্থায়ী কোচ হওয়ার সবুজ সংকেতও যেখানে মিলছে না, সেখানে মাত্তেওর প্রথম কথাটাই হলো, ‘আমি এ নিয়ে (স্থায়ী কোচ হওয়ার সম্ভাবনা) নির্ভারই আছি।’নিজে একসময় চেলসিতে খেলেছেন। সেটিও ছয় বছর। পেশাদার ক্যারিয়ারে আর কোনো ক্লাবে এতটা সময় থিতু হননি। লন্ডন শহরটা এতটাই ভালো লেগেছিল, এখানে বাড়িও কিনেছিলেন। সময় এসেছে নিজের প্রিয় ক্লাবটিকে প্রতিদান দেওয়ার। মাত্তেও মনে করেন, দলের প্রতি তাঁর নিখাদ ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি, ‘এই ক্লাবের জন্য অসাধারণ কিছু করতে আমি ভীষণভাবে উজ্জীবিত হয়ে আছি। আমি আপাতত এটাই করতে চাই। এর পর যা হওয়ার হবে। যা কিছুই ঘটে, এর পেছনে কোনো না কোনো কারণ তো থাকেই।’ চ্যাম্পিয়নস লিগ জিতেও যদি চাকরিটা না পান, সেটাও নাকি ভাবাচ্ছে না তাঁকে।এ মুহূর্তে নিজেকে নিয়ে ভাবছেনই না দাবি করে মাত্তেও বলেছেন, ‘চ্যাম্পিয়নস লিগ জিততে পারলে আমি নিখাদ উচ্ছ্বাসে ভেসে যাব। এই খেলোয়াড়দের জন্যও খুব খুশি হব। এ পর্যন্ত আসার জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। এই শিরোপা জেতার জন্য অনেক চেষ্টাও আগে করেছি। আমি নিজেকে নিয়ে ভাবি না। এটি ক্লাব আর আমাদের খেলোয়াড়দের জন্য অনেক বড় ম্যাচ। এই ট্রফি জেতার মতো অভিজ্ঞতা আর সামর্থ্য আমাদের আছে—এটা নিয়েই মাঠে আমাদের নামতে হবে। ব্যস, এটুকুই।’লুইজ আর কাহিল অনুশীলন শুরু করেছেন। মালুদাকে নিয়ে এখনো সংশয় আছে। শেষ পর্যন্ত এই ত্রয়ীকে না পাওয়া গেলে সেটি অনেক বড় ক্ষতির কারণ যে হবে, সেটি স্বীকার করতে দ্বিধা নেই তাঁর, ‘সেটা হবে সবচেয়ে বাজে অবস্থা। তবে আমরা রিজার্ভ দলের খেলোয়াড়দের বেঞ্চে বা স্কোয়াডে নিচ্ছি। ভেবে দেখছি কী করা যায়। অনুশীলনে ভিন্ন ভিন্ন বিকল্প ও সমাধানগুলো আমি খতিয়ে দেখছি।’ এএফপি, রয়টার্স।