চ্যালেঞ্জের নাম পাকিস্তানের বোলিং
চেহারাটাই বলে দিচ্ছিল, তিলকারত্নে দিলশান হতভম্ব। ১৮তম ওভারের মাঝামাঝি পর্যন্ত ৪ উইকেট হারানো দল ২০ ওভারের ৩ বল আগে গুটিয়ে গেল—শ্রীলঙ্কান অধিনায়ক যেন বিশ্বাসই করতে পারছিলেন না। আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচটি ৫ উইকেটে হারার পর দিলশান নিজেদের ব্যাটিংকে দূষে এটাও যোগ করেছিলেন, ‘পাকিস্তানের বোলিং আক্রমণ অসাধারণ।’সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিপক্ষে এই অভিজ্ঞতা হচ্ছে প্রায় সব দলেরই। টেস্ট-ওয়ানডেতে পাকিস্তানের বোলিং আক্রমণ দুর্দান্ত, কিন্তু টি-টোয়েন্টিতে সেটা বাস্তবিকই অবিশ্বাস্য। সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীদের তালিকায় পাকিস্তানিদের রীতিমতো জট লেগে গেছে! সফলতম তিন বোলারই পাকিস্তানের। পাকিস্তান কেন টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সফলতম দল (জয়ের হার ৬২.২৪%, শীর্ষে দক্ষিণ আফ্রিকা ৬৫%), এটা বুঝতে তাই খুব একটা গবেষণার দরকার নেই।টি-টোয়েন্টিতে উইকেটের একমাত্র হাফ সেঞ্চুরিয়ান শহীদ আফ্রিদি। উমর গুল ও সাঈদ আজমলও খুব কাছাকাছি। ক্রিকেটের সংক্ষিপ্ততম এই সংস্করণে উইকেটের সমান গুরুত্বপূর্ণ রান থামানোর কাজেও জুড়ি নেই এই ত্রয়ীর। ভীষণ ‘কিপটে’ তাঁরা। ধুমধাড়াক্কা ক্রিকেটে ওভারপ্রতি সাড়ে ছয় রান করে দেননি একজনও! পাকিস্তানের সাফল্যের অন্যতম রহস্যও হয়তো এটি। টি-টোয়েন্টি রানের খেলা, আর এই তিনজনের বিপক্ষে বেশি শট খেলতে গেলেই বিপদ! তিনজনের মাঝে একমাত্র গুলকেই বলা যায় খানিকটা নড়বড়ে। তাঁর বোলিংয়ে ছন্দটা খুব গুরুত্বপূর্ণ। ছন্দে থাকলে তাঁর চেয়ে ভয়ঙ্কর বোলার খুব কমই আছে, কিন্তু ছন্দে না থাকলে হয়ে যান ‘রানের খনি’। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ওভারেই পেয়েছিলেন ৫ উইকেট, গত ডিসেম্বরে একই দলের বিপক্ষে ৩ ওভারে দিয়েছেন ৪৭ রান। ওভারপ্রতি এমন ১০-১১ রান দেওয়া ম্যাচ আছে আরও বেশকটি, কিন্তু ছন্দে থাকা গুল এতটাই ভয়ঙ্কর যে, তার পরও ওভারপ্রতি রান মাত্র ৬.৪৭!আজমল-আফ্রিদি আবার অবিশ্বাস্য রকমের ধারাবাহিক। দুজনের বোলিংই এত বৈচিত্র্যপূর্ণ যে, ব্যাটসম্যানদের প্রতি মুহূর্তেই একধরনের অনিশ্চয়তায় থাকতে হয়। সাধারণত ৭/৮ ওভারের মধ্যেই আক্রমণে আনা হয় আফ্রিদিকে। আজমলকে ১০-১১ ওভারে এক-দুই ওভার করিয়ে দুই-তিন ওভার রাখা হয় স্লগ ওভারের জন্য। ইদানীং তো অফব্রেকের চেয়ে দুসরাই বেশি করেন আজমল। বিশেষ করে শেষের দিকে রাউন্ড দ্য উইকেটে ক্রমাগত দুসরা করে যান, আর রানের জন্য হাপিত্যেশ করে উইকেট বিলিয়ে আসেন ব্যাটসম্যানরা।তিনজনের ‘সহকারী’ যাঁরা, কম যান না তাঁরাও। গুলের সঙ্গে আজ নতুন বল হাতে নেবেন সোহেল তানভির কিংবা আইজাজ চিমা। ছন্দে থাকলে অদ্ভুতুড়ে বোলিং অ্যাকশনের তানভিরকে সামলানোও মুশকিল। চিমা তো দলে এসেই জায়গা করে নিয়েছেন। আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে সেদিন ম্যাচসেরা ছিলেন তিনিই, এক ওভারেই নেন ৩ উইকেট! ওভারপ্রতি মাত্র ৬.৬৫ রান দিয়ে ১৪ উইকেট নিয়েছেন শোয়েব মালিক। মোহাম্মদ হাফিজ তো অনেক বিশেষজ্ঞ বোলারের চেয়েও কার্যকরী। এ বছর টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট তাঁরই (৮টি, রবি বোপারা ও শেন ওয়াটসনের সঙ্গে), ওভারপ্রতি রান দিয়েছেন ৫.৬৪!তার মানে কি আজ বাংলাদেশের কোনো আশাই নেই? অবশ্যই আছে। পাকিস্তান আগে ব্যাটিং করলে ১২০-৩০-এর মধ্যে তাদের আটকে রাখা চাই। আর নিজেরা আগে ব্যাট করলে তুলতে হবে অন্তত ১৫০ রান। এই বোলিংয়ের বিপক্ষে ১৫০ রান তোলা বাংলাদেশের জন্য অবশ্যই বড় চ্যালেঞ্জ। ম্যাচ জিততে হলে জিততে হবে এই চ্যালেঞ্জেই!