চ্যালেঞ্জের নাম স্পিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভীতি-জাগানিয়া’ শব্দটি শুধু পেস বোলিং আক্রমণের সঙ্গেই যায়, কিন্তু পাকিস্তানের এই স্পিন আক্রমণকে ভীতি-জাগানিয়া বলাটা কি ভুল হবে?মোহাম্মদ হাফিজকে দিয়েই শুরু করা যাক। কখনোই কি ভাবতে পেরেছিলেন একদিন বিশ্বের দুই নম্বর বোলার হবেন! কিন্তু এটাই এখন সত্যি, ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর বোলার হাফিজ। সাঈদ আজমল আগে থেকেই এক নম্বরে ছিলেন, বাংলাদেশ সিরিজের পারফরম্যান্সে আরও পোক্ত হয়েছে জায়গা। সঙ্গে আফ্রিদি-মালিক...সে তো ওয়ানডেতে, এটা ভাবছেন তো? তাহলে চলুন টেস্টের স্পিন আক্রমণের দিকে তাকানো যাক। আজমল টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৯ নম্বর বোলার, সঙ্গে আরেকটি তথ্য—এ বছর এখন পর্যন্ত সর্বোচ্চ টেস্ট উইকেট তাঁরই (৬ টেস্টে ৪১)। আফ্রিদি-আজমলদের কারণে ওয়ানডেতে বাইরে বসে থাকতে হয় আবদুর রেহমানকে। কিন্তু টেস্টে দ্বিতীয় পছন্দের স্পিনার তিনিই। ৪৫ উইকেট পেয়েছেন মাত্র ১০ টেস্টেই, এ বছর ৬ টেস্টে ২৫ উইকেট। আর হাফিজ তো আছেনই। স্বাভাবিকভাবেই টেস্টে ওয়ানডের মতো বিপজ্জনক নন, কিন্তু যথেষ্ট কার্যকর লাল বলেও। ১৪ উইকেটে পেয়েছেন এ বছর, নতুন বলও হাতে নিয়েছেন। নিশ্চিত থাকতে পারেন, তামিম ইকবালের সঙ্গে মানসিক খেলা খেলতে এই টেস্টেও নতুন বল হাতে দেখা যাবে হাফিজকে। ভীতি-জাগানিয়া শব্দটিকে এবার কি নিশ্চয়ই আর বাড়াবাড়ি মনে হচ্ছে না!ওয়ানডের স্পিন আক্রমণকে অনেকে টেস্টের তুলনায় বৈচিত্র্যময় বলতে পারেন। টেস্টে আফ্রিদি নেই, এটা ঠিক। কিন্তু রেহমানের বাঁহাতি স্পিন তো যোগ হচ্ছে! ওয়ানডে ও টি-টোয়েন্টি বোলারের তকমাটা আজমলের গায়ে প্রায় লেগেই যাচ্ছিল। আগের কোচ ওয়াকার ইউনুস টেস্টে আজমলের চেয়ে রেহমানকেই বেশি প্রাধান্য দিতেন। ৩১ বছর বয়সে পাকিস্তান দলে ঢুকে প্রায় দুঃসাধ্য সাধন করেছেন, এই চ্যালেঞ্জেও জয়ী হলেন আজমল। এ বছর ৬ টেস্টে তিনবার ৫ উইকেট, একবার ম্যাচে ১০ উইকেট। এই ৩৪ বছর বয়সে এসেও প্রতিদিনই যেন নিজেকে নতুন করে চেনাচ্ছেন। টেস্টে হাত-পা বাঁধা নেই, মুক্ত আজমল তাই বৈচিত্র্যের সব ডালা মেলে ধরবেন। টার্ন করানোর ক্ষমতা সম্ভবত রেহমানের সবচেয়ে বেশি। বেশির ভাগ বাঁহাতি স্পিনারের মতো তাঁরও আছে দুর্দান্ত আর্ম ডেলিভারি। আর তৃতীয় স্পিনারকে যে একটু স্বস্তিতে খেলবেন, সেই উপায় কি আর আছে! মাঝেমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা যে ওই ‘তৃতীয় স্পিনার’ (হাফিজ) করেন! চিরদিনের পেস আক্রমণের দেশ পাকিস্তানের এখন তাই ভয়ংকর স্পিন আক্রমণের দেশ।ওয়ানডের মতো টেস্টেও তাই বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম—পাকিস্তানের স্পিন আক্রমণ।