চ্যালেঞ্জের নাম ‘ধারাবাহিকতা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ধারাবাহিকতা’ শব্দটি পাকিস্তান ক্রিকেটের চিরকালীন হাহাকার। গত বছরের অসাধারণ পারফরম্যান্সে মনে হচ্ছিল, অবশেষে ধারাবাহিকতার সঙ্গে পরিচয় হয়েছে পাকিস্তান ক্রিকেটের। কিন্তু সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে পাকিস্তান আবারও ফিরে গেছে চিরচেনা চেহারায়। টেস্ট সিরিজে ধবলধোলাই করে ওয়ানডে সিরিজে নিজেরা শিকার ধবলধোলাইয়ের। ধারাবাহিকতার সন্ধানেই এবার ডেভ হোয়াটমোরকে কোচ নিয়োগ দিয়েছে পাকিস্তান। নতুন কোচের কাছে দেশটির সবচেয়ে বড় চাওয়া এটাই। হোয়াটমোরও বলেছেন, নতুন দায়িত্বে এটা তাঁরও সবচেয়ে বড় চ্যালেঞ্জ।গত ডিসেম্বর থেকেই শোনা যাচ্ছিল পাকিস্তানের দায়িত্ব নিচ্ছেন হোয়াটমোর। সম্প্রতি সেটা অনেকটাই নিশ্চিত হয়ে যায়। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে গত পরশু রাতে। দুই বছরের চুক্তিতে পাকিস্তানের দায়িত্ব নিয়েছেন শ্রীলঙ্কা ও বাংলাদেশের সাবেক কোচ হোয়াটমোর ও বাংলাদেশের সাবেক ফিল্ডিং কোচ জুলিয়েন ফাউন্টেন। পাকিস্তানের চতুর্থ বিদেশি কোচ হোয়াটমোর, আগের তিনজন ছিলেন দক্ষিণ আফ্রিকার রিচার্ড পাইবাস, ইংল্যান্ডের বব উলমার ও অস্ট্রেলিয়ার জিওফ লসন। কোচ অনুসন্ধানী কমিটির একজন, সাবেক অধিনায়ক ও কোচ ইন্তিখাব আলম হোয়াটমোরের কাছে জানালেন প্রত্যাশার কথা, ‘আমার ধারণা, পাকিস্তান ক্রিকেটের অপ্রাপ্তিগুলো দূর হবে হোয়াটমোরের মাধ্যমে। তাঁর অতীত রেকর্ড প্রায় নিখুঁত, আশা করি, পাকিস্তান দলের পারফরম্যান্সেও উন্নতি এনে দেবেন তিনি। যদিও এতে সময় লাগবে।’ওই যথেষ্ট সময়টা হোয়াটমোর পাবেন কি না, সেটা সময়ই বলবে। ধৈর্যশীল বলে পাকিস্তান ক্রিকেটের সুনাম কখনোই ছিল না। হোয়াটমোর অত দূর নিয়ে অবশ্য ভাবছেন না। সবার প্রত্যাশার কথা উঠে এল তাঁর কণ্ঠেও, ‘আমরা ধারাবাহিক হতে চাই। এক দিন চূড়ায়, আরেক দিন খাদে—এমন পারফরম্যান্স চাই না। লম্বা সময় ধরে আমরা ভালো একটা পর্যায়ে থাকতে চাই। যখন সময় ভালো যাবে তখন তো পারফরম্যান্স দারুণ হবেই, যখন সময় ভালো যাবে না তখনো আমরা ভালো করতে চাই ও জিততে চাই। বাজে পারফরম্যান্সে হার কমাতে চাই।’সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজকেই উদাহরণ হিসেবে টেনে আনলেন ৫৮ ছুঁই-ছুঁই অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান, ‘টেস্টের অসাধারণ পারফরম্যান্সের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে পারফরম্যান্স ছিল হতাশাজনক। হারলেও অন্তত লড়াই তো করবে হবে। তবে অতীতের দিকে আমি খুব একটা তাকাতে চাই না। অতীত মাথায় রেখে সামনে এগিয়ে যেতে চাই।’ রাতারাতি বড় কিছু আশা করাও ভুল হবে বলে সতর্ক করে দিয়েছেন হোয়াটমোর, ‘দল এখন আছে র‌্যাঙ্কিংয়ের ছয়ে (ওয়ানডেতে ছয়, টেস্টে পাঁচ), শীর্ষে যেতে তাই সময় লাগবে। কোনো কিছু অর্জন করতে হলে এগোতে হবে ছোট পদক্ষেপে। চূড়ান্ত লক্ষ্যের দিকে না তাকিয়ে আমরা ওই ছোট ছোট পদক্ষেপগুলোর দিকে মনোযোগ দিতে চাই।’ ওই ছোট ছোট পদক্ষেপের একটি এসে যাচ্ছে দ্রুতই। বাংলাদেশের এশিয়া কাপ দিয়ে শুরু হচ্ছে পাকিস্তান ক্রিকেটে হোয়াটমোর যুগ। এএফপি, ওয়েবসাইট।