চড় নয়, কনুইয়ের আঘাত!
ঘটনাটা ২০০৮ সালের আইপিএল আসরে। ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের খেলোয়াড় শ্রীশান্তকে চড় মেরেছিলেন ভারতীয় অফস্পিনার হরভজন সিং। সেই ঘটনার পাঁচ বছর পেরিয়ে গেলেও বিতর্ক থামেনি।আরেকটা আইপিএল চলার সময় পুরোনো বিতর্কটা টেনে এনেছেন মিডিয়াম ফাস্ট বোলার শ্রীশান্ত নিজে। আজ শুক্রবার টুইটারে দেওয়া এক বার্তায় তিনি দাবি করেছেন, তাঁকে নাকি চড় নয়, ‘কনুই দিয়ে আঘাত’ করেছিলেন হরভজন! আর সেদিন ‘পরিকল্পনা’ অনুসারেই আঘাতটা করেছিলেন ভাজ্জি।‘আমার কোনো অভিযোগ নেই। কিন্তু সত্যি কথাটা সবাইকে জানাতে চাই আমি। হরভজন কখনোই আমাকে চড় মারেনি। ভিডিওটি দেখলেই বুঝবেন, সেদিন সে কী করেছিল’—বলেছেন শ্রীশান্ত।শ্রীশান্ত বলেন, ‘বিশ্বকে আমি সত্যি ঘটনাটা জানাতে চাই। সেদিন যে বাজে ঘটনাটা ঘটেছিল, তাতে আমার কোনো দোষ ছিল না। ম্যাচ শেষে আমি তার সঙ্গে হাত মেলাতে গিয়েছিলাম। কিন্তু সে কনুই দিয়ে আমাকে আঘাত করে। আঘাতটা সে পরিকল্পনা মতোই করেছিল।’চড়-কেলেঙ্কারির পর একটি কমিটি গঠন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই কমিটির প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি সুধীর নানাবতি শ্রীশান্তের দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তিনি জানান, শ্রীশান্তকে কনুই দিয়ে আঘাত করা হয়নি, চড় মারা হয়েছিল। নানাবতি বলেন, ‘ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে, শ্রীশান্তের গালের ডান দিকে একটি চড় মারেন হরভজন। আরেকটি চড় মারার চেষ্টা করেছিলেন তিনি। তবে দুজন নিরাপত্তাকর্মী হরভজনকে দূরে সরিয়ে নেন। শ্রীশান্তকে চড় মারার ব্যাপারটা হরভজন আমার কাছে স্বীকারও করেছেন।’এদিকে শ্রীশান্তের দাবির প্রতিক্রিয়ায় কোনো মন্তব্য করতে রাজি হননি হরভজন। বার্তা সংস্থা পিটিআইকে তিনি বলেন, ‘কোনো মন্তব্য নয়। এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না আমি।’