চয়ন বিশ্বের অন্যতম সেরা: গেরহার্ড পিটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্বে বাংলাদেশের ফল দেখে দারুণ খুশি জাতীয় দলের সাবেক জার্মান কোচ গেরহার্ড পিটার। দিল্লিতে দৃঢ়তাপূর্ণ পারফরম্যান্স দেখিয়ে দেশের হকিকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া হকি দলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, ২০০৯ সাল থেকে দেশের বাইরে বিভিন্ন দলের বিপক্ষে খেলার ধারাবাহিকতার ফসলই এই সাফল্য। তিনি বিশ্ব হকি লিগে পেনাল্টি কর্নার থেকে সাত গোল করা মামুনুর রহমান চয়নকে ড্র্যাগ ফ্লিকে বিশ্বের অন্যতম সেরা বলেও অভিহিত করেন।প্রথম আলো ডটকমের সঙ্গে এক আলাপচারিতায় গেরহার্ড পিটার বলেন, ‘২০০৯ সাল থেকে আমি এই খেলোয়াড়দের নিয়ে কাজ করেছি। ওরা রাশিয়া, হল্যান্ড ও ইতালিতে বিভিন্ন সময়ে অনেক ম্যাচ খেলেছে। প্রতিটি সফরেই ওরা নিজেদের উন্নতি করেছে। ওই সফরগুলোয় উন্নতির ধারাবাহিকতাতেই দিল্লিতে এই সাফল্য এসেছে।’ পিটার বলেন, ‘রাসেল মাহমুদ জিমি, মামুনুর রহমান চয়নসহ বেশ কজন খেলোয়াড় জার্মান লিগে খেলেছে। বড় পরিসরে ভালো ভালো খেলোয়াড়ের সঙ্গে খেলে যে অভিজ্ঞতা ওরা অর্জন করেছে, সেই অভিজ্ঞতাই ওদের পরিণত করেছে।’সম্প্রতি ঘরোয়া হকিতে মোহামেডানের কোচ হয়ে আসার সুবাদে দিল্লিগামী জাতীয় দলকে খুব কাছ থেকে দেখেছিলেন গেরহার্ড পিটার। জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় মোহামেডানের হওয়ায় দিল্লি যাওয়ার আগে তিনি এক অর্থে পুরো জাতীয় দলকে নিয়েই কাজ করেছিলেন বলে জানিয়েছেন। তিনি রসিকতা করে বলেন, ‘দিল্লিতে দলের এই সাফল্যের কিছুটা কৃতিত্ব আমাকে দেওয়াই যায়।’ বিশ্ব হকি লিগে পেনাল্টি কর্নার থেকে সাতটি গোল করা দলের পেনাল্টি কর্নার স্পেশালিস্ট মামুনুর রহমান চয়ন সম্পর্কে তিনি বলেন, ‘আমি চয়নকে নিয়ে অনেক কাজ করেছি। আমি চয়নকে গড়ে তুলেছি। প্রথমে জাতীয় দলে ড্র্যাগ ফ্লিকার ছিল তিনজন—জিমি, চন্দন ও চয়ন। আমি চয়নের কাঁধেই এই দায়িত্ব তুলে দিই। প্রতিদিন ২০০-৩০০টি পেনাল্টি কর্নার অনুশীলন করে চয়ন। জার্মান লিগেও সে অসাধারণ খেলেছে। গুরুত্বপূর্ণ মুহূর্তে পেনাল্টি কর্নার থেকে গোল করেছে। এখন সে অনেক পরিণত। এই মুহূর্তে চয়ন বিশ্বের অন্যতম সেরা ড্র্যাগ ফ্লিকার।’জিমি, চয়ন, পিন্টু, মিমো, রানা, কৃষ্ণ, নিলয়, বিপ্লবরা জার্মান লিগে খেলে যা শিখে এসেছেন, দিল্লিতে তার পরিপূর্ণ প্রতিফলন দেখে দারুণ খুশি গেরহার্ড পিটার। তিনি বলেন, দিল্লিতে বাংলাদেশ জাতীয় হকি দল জার্মান ধারায় হকি খেলেছে। গেরহার্ড পিটার বলেন, বাংলাদেশ হকি দলের প্রধান শক্তি চয়নের পেনাল্টি কর্নার, জিমি-মিমোর স্টিকওয়ার্ক। দলের দুর্বলতা রক্ষণভাগ ও আন্তর্জাতিক ম্যাচ কম খেলার অভিজ্ঞতা। তিনি বলেন, আয়ারল্যান্ড ও ভারতের বিপক্ষে এগিয়ে গিয়েও বড় ব্যবধানে হারাটা অনভিজ্ঞতার কারণ। আয়ারল্যান্ড ও ভারতের মতো দল পিছিয়ে পড়ে যে চাপ সৃষ্টি করেছিল, সেটা সামাল দেওয়ার মতো অভিজ্ঞতার দলের ছিল না।গেরহার্ড পিটার মামুনুর রহমান চয়নকে বিশ্বমানের বললেও রাসেল মাহমুদ জিমির খেলায় পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি। জিমির মূল সমস্যা হিসেবে ফিটনেসকে চিহ্নিত করে গেরহার্ড বলেন, ‘ওর (জিমি) ফিটনেসে আরও উন্নতি ঘটাতে হবে।’গেরহার্ড পিটার হকি দলের এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার জন্য দলকে বেশি করে আন্তর্জাতিক ম্যাচের সুযোগ করে দিতে হকি ফেডারেশনকে অনুরোধ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা অনেক বেশি থাকলে বাংলাদেশ আয়ারল্যান্ডের কাছে হারত না, ভারতও শেষ ম্যাচে এক গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশকে এভাবে চেপে ধরতে পারত না।গেরহার্ড জানান, বাংলাদেশ ইউরোপের মাটিতে খেলতে পারে। ইউরোপে সে সুযোগ খুব সহজেই বাংলাদেশ পেতে পারে। বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে বিশ্ব হকি সংস্থার সম্পর্ক খুব ভালো। বাংলাদেশ ডাব্লিউএইচএফের সহায়তা আদায় করে নিতে পারবে। এ ক্ষেত্রে দরকার একটু উদ্যোগ। হকি ফেডারেশন উদ্যোগী হলে হকিতে বাংলাদেশের ভবিষ্যত্ যথেষ্ট উজ্জ্বল বলে গেরহার্ড মনে করেন।