ছক কাটছেন বন্ড...শেন বন্ড

ব্রেন্ডন ম্যাককালাম, রস টেলর...ব্যস। এই নিউজিল্যান্ড দলে তারকা খুঁজতে গিয়ে থেমে যেতে হচ্ছে এখানেই। খুব সহজেই তবু আলাদা করে চোখে পড়ে আরেকজনকে।
আকর্ষণীয় সেই বোলিং রানআপের মতোই মসৃণ তাঁর হাঁটাচলা। মাঠে শরীরী ভাষায় ফাস্ট বোলারসুলভ ঔদ্ধত্য না ফুটিয়েও ঠিকই ঝড় তুলতেন বলে। নতুন ভূমিকাতেও নীরবে করে যাচ্ছেন নিজের কাজ। এক হাত বুকে, আরেক হাত থুতনিতে, চুপচাপ দাঁড়িয়ে দেখছেন বোল্ট-ওয়াগনার-ব্রেসওয়েলদের। মাঝেমধ্যে কাছে গিয়ে কিছু বলছেন, দেখিয়ে দিচ্ছেন বল হাতে নিয়ে। ছোট্ট রানআপে দু-একটি বলও করলেন। এই আটত্রিশেও যেন মধ্য বিশের তরুণ, এখনো আগের মতোই সুদর্শন। ক্রিকেট ছেড়েছেন তিন বছরেরও বেশি, কিন্তু এই কিউই বহরের সবচেয়ে উজ্জ্বল তারা এখনো তিনিই। বন্ড...শেন বন্ড। নিউজিল্যান্ডের বোলিং কোচ!
প্রায় নয় বছর খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট, ম্যাচসংখ্যায় তবু ছোট্ট ক্যারিয়ার। এর মূল কারণ পিছু লেগে থাকা চোট। বন্ড মানে দেড় শ কিলোমিটার ছাড়ানো গতির সঙ্গে সুইংয়ের প্রদর্শনী, বন্ড মানে পায়ের অগ্রভাগ থেঁতলে দেওয়া সব ইয়র্কার, বন্ড মানে স্যার রিচার্ড হ্যাডলির পর নিউজিল্যান্ডের সেরা ফাস্ট বোলার। তবে সবকিছুর আগে বন্ড মানে একের পর এক চোট, অমিত সম্ভাবনাময় এক ক্যারিয়ারের পূর্ণতা না পাওয়া। বন্ড মানে আক্ষেপ!
তবে অবসরের বছর তিন পরে এ নিয়েও হাসতে পারেন! বন্ডের সঙ্গে যেকোনো আলাপচারিতার শুরুর দিকে অবধারিতভাবে থাকে ইনজুরি। বন্ড বুঝিয়ে দিলেন, তাঁর রসবোধও ভালো, ‘এখন একমাত্র ইনজুরি যা হতে পারে, বড়জোর ড্রেসিংরুমে চা খাওয়ার সময় হাত-টাত পুড়ে যেতে পারে!’
পুলিশের চাকরি ছেড়ে ক্রিকেটার হয়েছিলেন। হ্যাডলির পর নিউজিল্যান্ড সত্যিকার অর্থেই পেয়েছিল এমন একজনকে, প্রতিপক্ষের শিরদাঁড়া বেয়ে যিনি শীতল স্রোত বইয়ে দিতে পারেন। কিন্তু ওই চোটের কারণেই ১৮ টেস্ট, ৮২ ওয়ানডে আর ২০ টি-টোয়েন্টিতে থমকে গেছে ক্যারিয়ার। তবে অবসরের পরই নিতে শুরু করেছেন কোচিংয়ের পাঠ। এরপর নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দল হয়ে গত বছরের অক্টোবরে আবার ব্ল্যাক ক্যাপদের ড্রেসিংরুমে। বোলার নয়, বোলিং কোচ হয়ে।
এমনিতে ছোট্ট ক্যারিয়ারেও অর্জন করেছেন আজীবন গল্প করার রসদ। ওয়ানডেতে প্রথম ছয়বারের দেখায় প্রতিবারই রিকি পন্টিংকে আউট করা, গিলক্রিস্ট-শেবাগদের মতো তাঁর সময়ের সবচেয়ে আক্রমণাত্মক ব্যাটসম্যানদের প্রায়ই সাধারণ পর্যায়ে নামিয়ে আনা, ব্রায়ান লারাকে চার টেস্টে তিনবার আউট করা, সেরাটা সব সময় অস্ট্রেলিয়ার জন্য জমিয়ে রাখা—কীর্তির অভাব নেই। তবে প্রাপ্তির চেয়েও অনেক ভারী হবে ‘আরও কী কী পেতে পারতেন’ এই আক্ষেপ। এখন সেসব মাটিচাপা দেন শিষ্যদের সাফল্যের আনন্দে। হ্যাডলির পর কিউই ইতিহাসের সেরা বোলার বলে মোটামুটি সবাই মানেন বন্ডকে। আর তিনি উত্তরসূরি মনে করেন টিম সাউদিকে। গতির ঝড় তুলতে না পারলেও কার্যকারিতা আর সাফল্যে সাউদি একই কাতারে থাকবে একদিন, বিশ্বাস বন্ডের।
সাউদি অবশ্য টেস্ট সিরিজের দলে নেই। তাতে কি, বন্ডের বিশ্বাস বাংলাদেশের উইকেট যেমনই হোক, পার্থক্য গড়ে দেবেন তাঁর পেসাররাই, ‘উইকেট যতই মন্থর আর নিচু বাউন্সের হোক, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে দ্রুতগতির বোলাররা সব সময়ই বাংলাদেশের বিপক্ষে ভালো করেছে। দেশের মাটিতে বাংলাদেশ অবশ্যই কঠিন প্রতিপক্ষ, এই গরম আর এই উইকেটে পেসারদের কাজটা সহজ হবে না। তার পরও আক্রমণাত্মক মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। ছেলেদের আমি এটাই বলব।’
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট ও আউটফিল্ড দেখে রিভার্স সুইং পাওয়ার সম্ভাবনা খুব একটা দেখছেন না। নতুন বলটাকেই তাই মানছেন ব্রহ্মাস্ত্র। আকাশ ভেঙে পড়া বৃষ্টিতে কালও কিউইদের অনুশীলন আটকে ছিল ইনডোরে। তবে মাঠের প্রস্তুতি তেমন কিছু না হলেও মাঠের বাইরের প্রস্তুতি ঠিকই সেরে ফেলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটারদের ভিডিও বিশ্লেষণ করেছি আমরা। সবার জন্য আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। এখন জায়গামতো বল রাখা ও পরিকল্পনার বাস্তবায়নটাই জরুরি।’
শিষ্যদের সাফল্যেই এখন তৃপ্তি খোঁজেন বন্ড। বাংলাদেশের ব্যাটসম্যানরা কি পারবেন এই বন্ডকেও হতাশ করতে?