ছক্কা-বৃষ্টি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ বলে ৫০। ৬৯ বলে ১০০। ৮৩ বলে ১৫০। ৯৬ বলে অপরাজিত ১৮৫। শেন ওয়াটসন কোনো ব্যাটসম্যানেরই নাম তো? নাকি সিডর-আইলার মতো ঝড়-টড়!২২৯ রান তাড়া করার ম্যাচে যখন একজন ব্যাটসম্যান এমন খুনে রূপে আবির্ভূত হন, ম্যাচটা হয়ে যায় গৌণ। অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ৯ উইকেটে হার, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিষ্পত্তি—এসব এখন আর কোনো খবরই নয়। আলোচনার বিষয় কেবলই ওয়াটসন। তাঁর ব্যাটে ছক্কার বৃষ্টি আর রেকর্ডের ভাঙাগড়া।ওয়ানডেতে এর চেয়েও বড় ইনিংস আছে ৭টি। তবে পরে ব্যাটিং করে ওয়াটসনের এই ১৮৫-ই সর্বোচ্চ। বাউন্ডারিতে সবচেয়ে বেশি রানের বিশ্ব রেকর্ডটিও হয়ে গেছে ইনিংসে—১৮৫ রানের ১৫০-ই এসেছে চার আর ছয় থেকে। সবচেয়ে বিস্ময়কর রেকর্ডটা ছক্কার। ১৫টি ছক্কা মেরে কানাডার বিপক্ষে ২০০৮ সালে ওয়েস্ট ইন্ডিজের জেভিয়ার মার্শালের ১২ ছক্কার রেকর্ডটিকেও পুরোনো করে দিয়েছেন ওয়াটসন। দলের মোট রানের ৭৯.৭৪ শতাংশই এসেছে ওয়াটসনের ব্যাট থেকে। রেকর্ড সম্ভবত এটাও।এত এত বিশ্ব রেকর্ডের ভিড়ে ছোট রেকর্ডও আছে। এই ১৮৫-ই এখন ওয়ানডেতে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস, ওয়াটসনের ক্যারিয়ার সর্বোচ্চ তো বটেই। অস্ট্রেলিয়ার হয়ে আগের সর্বোচ্চ ইনিংসটা ছিল ম্যাথু হেইডেনের ১৮১। ওয়াটসনকে অবশ্য এসব রেকর্ড-টেকর্ডে খুব রোমাঞ্চিত মনে হলো না। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বেশ নির্লিপ্ত শোনাল তাঁর কথা, ‘আমি রেকর্ড ভাঙা বা সে রকম কিছুর আশায় খেলি না। আমি শুধু নিজের খেলাটাই খেলতে চেয়েছি এবং আজ (গতকাল) সেটাই হলো দুর্দান্ত। আবারও বলছি, রেকর্ড ভাঙার চিন্তা মাথায় ছিল না।’বাংলাদেশ ‘স্পিন জাতি’। নিজেদের কন্ডিশনে বাংলাদেশের স্পিন আক্রমণ যেকোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারে। এই অহং কাল এক ফুৎকারে উড়িয়ে দিলেন ওয়াটসন। বাংলাদেশের চার স্পিনারের ৬১ বলেই নিয়েছেন ১২৩! সবচেয়ে বেশি অত্যাচারিত বোলারের নাম আবদুর রাজ্জাক—যাঁর ২৮ বলে এসেছে ৫১। আরেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ সোহরাওয়ার্দী মানে মানে বেঁচে যাচ্ছিলেন। ২ ওভারের প্রথম স্পেলে ১৯ রানের মধ্যে ওয়াটসন ১৩ নিলেও কালকের প্রেক্ষাপটে সেটা মেনে নেওয়া যাচ্ছিল। কিন্তু ইনিংসের ২২তম ওভারে আবার বোলিংয়ে এসে সোহরাওয়ার্দীও বুঝলেন, ওয়াটসন কী জিনিস। প্রথম বলে রিকি পন্টিং ১ রান নিয়ে স্ট্রাইক বদলালেন। ওয়াটসন বুঝি এটাই চাচ্ছিলেন—চার বলে পর পর চার ছক্কা! কোনোটা মিড উইকেট দিয়ে, কোনোটা লং অন দিয়ে গ্যালারিতে। শেষ বলে আরও ২ রান নিয়ে সোহরাওয়ার্দীর এই এক ওভার থেকেই ওয়াটসন নিলেন ২৬!এক শফিউল ছাড়া বাংলাদেশের আর কোনো বোলারই রেহাই পাননি ওয়াটসনের ছক্কা-তাণ্ডব থেকে। ১৫ ছক্কার মধ্যে সোহরাওয়ার্দী আর রাজ্জাকের বলেই পাঁচ-পাঁচ ১০টা। সাকিবের বলে ৩টি, রুবেল ও মাহমুদউল্লাহ ১টি করে। চাঁদে কলঙ্ক থাকে, ওয়াটসনের ইতিহাস হয়ে যাওয়া ইনিংসটিতেও আছে। তাঁকে দুবার নতুন জীবন দিয়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। দুবারই অবশ্য সেঞ্চুরি করে ফেলার পর। ২০তম ওভারে শফিউলকে এক্সট্রা কাভার দিয়ে চার মেরে সেঞ্চুরি করার পরের বলে লং অনের দিকে ক্যাচ দিলেও রাজ্জাক সেটা হাতে নিতে পারেননি। রাজ্জাকের জন্য সেটা কঠিনও ছিল, কিন্তু পরের ওভারে রাজ্জাকের বলে ডিপ মিড উইকেটে রকিবুল যেটা ছাড়লেন, সেটা অমার্জনীয়। ওয়াটসনের রান তখন ১১৪।দু-দুটি ক্যাচ পড়ল, ব্যাটের কানায় লাগা বলও হয়ে গেল ছক্কা—দিন শেষে ওয়াটসন কৃতজ্ঞ ভাগ্যের কাছে, ‘কোনো কোনো দিন আপনি যা চাইবেন তাই হবে, এটা ছিল তেমনই একটা দিন। প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে পড়ায় একটা পর্যায়ে আমিও চাইছিলাম না দৌড়ে খুব বেশি রান নিতে।’ওয়াটসনের ক্লান্তি তা হলে বাংলাদেশের জন্য হিতে বিপরীতই হলো!