নূর হোসেন নিশ্চয়ই সেই বলটি ভোলেননি! সিলেট রয়্যালসের লেগ স্পিনারকে গ্র্যান্ড স্ট্যান্ডের ছাদে আছড়ে মাঠের বাইরে ফেলে সেঞ্চুরি ছুঁয়েছিলেন ক্রিস গেইল। পরে সংবাদ সম্মেলনে এসে ঢুলু ঢুলু চোখে বলেছিলেন, ‘জেট ল্যাগটা কাটেনি এখনো।’ এবারও প্রথম ম্যাচ সেই সিলেট রয়্যালসের বিপক্ষে। গতবার গায়ে ছিল বরিশাল বার্নার্সের জার্সি, এবার ঢাকা গ্ল্যাডিয়েটরসের। সেটি ছিল প্রথম বিপিএলের প্রথম ম্যাচ, এবার ‘রেস টু দ্য ফাইনাল।’ জেট ল্যাগ কাটার কথা নয় এবারও। অস্ট্রেলিয়া সিরিজ শেষে ব্রিসবেন থেকে লম্বা পথ পেরিয়ে বাংলাদেশে এসেছেন পরশু রাতে। তবে তাতে গেইলের কীই-বা আসে-যায়! এবারও শুরু সেঞ্চুরি দিয়ে। ধরনে একটু আলাদা, কিন্তু চূড়ান্ত ফল প্রায় একই। সেই সেঞ্চুরি ছিল ৪৪ বলে, কাল ৪৬ বলে। গতবারের বিপিএল শুরু হয়েছিল গেইল-বিনোদনে, এবারও বিপিএল মাতালেন প্রথম মাঠে নেমেই!পরিসংখ্যান অনেক সময়ই মাঠের পারফরম্যান্সকে পরিষ্কার করে ফুটিয়ে তুলতে পারে না। কিন্তু কাল গেইলের ইনিংসের গতিপথটা বুঝিয়ে দিতে পারে একটি পরিসংখ্যান। ১২ ওভার শেষে গেইলের রান ছিল ২৮ বলে ২৬, সেখান থেকে ফিফটি ছুঁয়েছেন ৩৬ বলে। আর সেখান থেকে সেঞ্চুরিতে ছুটলেন যেন সুপারসনিক প্লেনে চেপে, ফিফটি থেকে সেঞ্চুরিতে যেতে বল লাগল মাত্র ১০টি!শুরুর ওই মন্থরগতিও খুব একটা বিস্ময়কর নয়, যখন প্রতিপক্ষ দলে আছেন সোহাগ গাজী। গত নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরে গেইলের জন্য মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিলেন এই অফ স্পিনার। গেইলের ক্যারিয়ারের দীর্ঘতম দুঃসময়টার শুরু এ দিয়েই। ক্যারিবিয়ান টি-টোয়েন্টিতে একটি সেঞ্চুরি ও আরেকটি প্রায় সেঞ্চুরি বাদ দিলে বিগ ব্যাশ, জাতীয় দল, ওয়ানডে, টি-টোয়েন্টি সবকিছুতে গেইল ছিলেন নিজের ছায়া। কালকের ম্যাচেরও তাই বড় আকর্ষণ ছিল গেইল-সোহাগ লড়াই। যথারীতি মনস্তাত্ত্বিক লড়াইটা খেললেন মুশফিকুর রহিম, প্রথম ওভারেই বল তুলে দিলেন সোহাগের হাতে। ওই ওভারের চার বল খেলে সাবধানী গেইল পারলেন না রান করতে। পরে আরও দুটি বল খেলে দুটি সিঙ্গেল—মোট ৬ বলে মাত্র ২ রান। ব্যক্তিগত লড়াইয়ে জয়ী সোহাগই।তবে গেইলও জিতলেন আরেক দিক থেকে, সোহাগকে তো উইকেট দেননি। গেইলকে ফেরাতেই সোহাগের ৪ ওভার মুশফিক শেষ করে ফেললেন ৯ ওভারের মধ্যে। এরপর সোহাগকে অসহায় চোখে দেখতে হলো গেইল-তাণ্ডব—বিপিএলে তাঁর তৃতীয় সেঞ্চুরি। সব মিলিয়ে ১০টি সেঞ্চুরি করে ফেললেন টি-টোয়েন্টিতে, নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী ডেভিড ওয়ার্নার ও ব্রেন্ডন ম্যাককালামের করেছেন এর অর্ধেক! সেই সেঞ্চুরিতে যথারীতি ছক্কার বন্যা। এবারের বিপিএলে সর্বোচ্চ ছক্কা রায়ান টেন ডেসকাটের ১৭ ছয়। গেইল এক ম্যাচেই কাল মারলেন ১২টি! ছাড়িয়ে গেলেন নিজের বিপিএল রেকর্ডকেই। গত আসরে দ্বিতীয় সেঞ্চুরির পথে ১১টি ছয় মেরেছিলেন এবারের দল ঢাকার বিপক্ষেই। বিপিএলে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও এখন গেইলের। গেইলের ছক্কাবিষয়ক কোনো কিছুই এখন আর খুব একটা বিস্ময় জাগায় না। তার পরও চমকে দেওয়ার মতো পরিসংখ্যান, বিপিএলে ৩৮টি ছক্কা মারলেন মাত্র ৬ ম্যাচে! দুইয়ে থাকা ব্র্যাড হজের ৩২ ছয় এসেছে ২৩ ম্যাচে। শেষ পর্যন্ত খ্যাপাটে ষাঁড়কে ফেরালেন সোহাগই! বল হাতে নয়, ক্যাচ নিয়ে। তবে এর আগে যা করেছেন গেইল, তাতে সোহাগের পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার সময়ও তাঁর মুখে হাসি। এসেছিলেন স্রেফ একটি ম্যাচ খেলার জন্য। এই সেঞ্চুরির পর ঢাকা তাঁকে ছাড়বে বলে মনে হয় না!