ছক্কা মারার গোপন রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমর্থকদের কাছে ছক্কার আবেদন সব সময়ই অন্য রকম। টি-টোয়েন্টি ক্রিকেটে তা আরও বেশি। মাত্র ১২০ বলের ক্রিকেট। যত বেশি ছক্কা, তত বেশি ম্যাচ জয়ের নিশ্চয়তা! সবচেয়ে বড় বিনোদনের আধারও। ক্রিকেটপ্রেমীরা যেন মাঠে যানই বেশি বেশি ছক্কা দেখার আশায়। কিন্তু সবাই কি আর আশা পূরণ করতে পারে দর্শকদের?যাঁরা সেটা পারেন, তাঁদের তালিকা করলে নিশ্চিতভাবেই ওপরের দিকে থাকবেন ক্রিস গেইল। এই জ্যামাইকান উইকেটে থাকা মানেই ছক্কার ফোয়ারা বইয়ে দেওয়ার নিশ্চয়তা। ছক্কা মারা যেন তাঁর কাছে ডালভাত। আইপিএল, বিগ ব্যাশ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)—তিনটি টি-টোয়েন্টি লিগেই সর্বোচ্চ ছক্কার রেকর্ড গেইলের দখলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটেও করেছেন প্রথম সেঞ্চুরি। ৫০ বলে সেঞ্চুরি ছোঁয়া, ৫৭ বলে ১১৭ রানের সে ইনিংসে ছক্কা ১০টি। বলকে শুধু মাঠ ছাড়া করাই নয়, কোনো কোনোটাকে উড়িয়ে ফেলেন মাঠের বাইরেও। এই বিশাল বিশাল ছক্কা মারার গোপন রহস্য কী? উত্তরটা দিয়েছেন গেইলই—ভারসাম্য। শট মারতে গিয়ে শরীরের ‘সঠিক ভারসাম্য’ ধরে রাখাটাই মূল চাবিকাঠি।৩২ পেরিয়ে গতকালই এই জ্যামাইকান পা রেখেছেন ৩৩-এ। ৩৩তম জন্মদিনে নিজেই বলেছেন, ‘মূল জিনিসটা হলো, ভারসাম্য। ভারসাম্য ভালো হলেই কেবল বিশাল ছক্কা হাঁকাতে পারবেন। শরীরের ভারসাম্য রক্ষায় আমি বিশেষ গুরুত্ব দিই। বোলাররা কখনোই আপনাকে এটা সহজে করতে দেবে না। শটটা আপনাকেই বানিয়ে নিতে হবে। নিশ্চিত হতে হবে, শটটা আপনি ভালোভাবে নিচ্ছেন। কাজেই মানসিক প্রস্তুতিটাও থাকতে হবে।’গেইল তো আছেনই। ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে আছেন আইপিএল-বিপিএল মাতানো কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, ডুয়াইন স্মিথরাও। তা টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে ওয়েস্ট ইন্ডিজের সম্ভাবনা কতটুকু? গেইলের উত্তর, তাঁরা এখনোই এত দূর ভাবছেন না। তাঁরা এগোতে চান ম্যাচ ধরে ধরে, ‘আমাদের দলটার দিকে তাকান? ব্যাটিং আমরা ভালোই করতে পারি। বোলিংও ভালোই। স্পিনার, পেসার দুই রকম বোলারই আছে। আমাদের প্রধান লক্ষ্য, দ্বিতীয় রাউন্ডে যাওয়া।’গেইলদের টি-টোয়েন্টি শুরুটা হচ্ছে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। গেইলের দাবি, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টিতে আপনি এলোমেলো ক্রিকেট খেলতে পারেন না। আমাদের জন্য এটা অনেক বড় ম্যাচ।’টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজের মহিলা দলও এখন শ্রীলঙ্কায়। গেইল জন্মদিন উদ্যাপন করবেন তাদের সঙ্গেই। তবে আজ অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই হবে আসল উদ্যাপন। ওয়েবসাইট।