ছক্কা হাঁকানো নিষেধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উঁহু, এভাবে ছক্কা হাঁকানো যাবে না!
উঁহু, এভাবে ছক্কা হাঁকানো যাবে না!

পাড়া-মহল্লায় এ ধরনের ঘটনা ঘটে হামেশাই। এমন ঘটনা নিয়ে বিজ্ঞাপন-নাটক-চলচ্চিত্র নির্মাণও হয়েছে ঢের। ক্রিকেট বলে মাঠসংলগ্ন বাড়ির জানালা ভাঙা কিংবা বাগান নষ্ট হওয়ার ঘটনা তো নতুন নয়। এ কারণে খেলা বন্ধও হয়ে যায় অনেক সময়। পাড়ার ক্রিকেটে না হয় মানা গেল, তাই বলে ক্লাব ক্রিকেটেও ছক্কা হাঁকানো নিষিদ্ধ করা হবে!

ব্রিটিশ ক্রিকেট ক্লাব ‘দ্য ব্রিটওয়েল সালোমি’কে ‘আক্কেল সেলামি’ গুনতে হয়েছে শুধু এ কারণেই। অক্সফোর্ডশায়ারের গ্রামে নিয়ম, ‘বাউন্ডারি মেরে কোনো রান নেওয়া যাবে না’ অর্থাত্ ‘বাউন্ডারি হিসাব করা হবে না’! কারণ গ্রামবাসীর অভিযোগ, ছক্কার কারণে নাকি তাদের বাসাবাড়ির বেশুমার ক্ষতি হচ্ছে।

এ দিন ব্রিটওয়েল সালোমির ব্যাটসম্যানেরা বোধ হয় বেমালুম ভুলেই বসেছিলেন নিয়মের কথা। আসলে ছক্কা হাঁকানোর বল পেলে কি আর অতসব মনে থাকে? বোলারদের দুদ্দাড় পিটিয়ে পড়ে বেকায়দায় পড়েছে সালোমি।

হয়েছে কী, অক্সফোর্ডশায়ারের ক্লাবটির ওপর বেজায় খেপেছেন প্রতিবেশী ডায়ানা অ্যাটেনবরো। তাঁর অভিযোগ, খেলোয়াড়েরা একের পর এক ছক্কা হাঁকিয়ে বাগান নষ্ট করেছেন। ডায়ানা এতটাই চটেছেন, তিনি ক্লাবকে আদালতে তোলার হুমকি পর্যন্ত দিয়েছেন।

ক্লাব কর্তৃপক্ষ অবশ্য তাকে ‘ঠান্ডা’ করতে টাকাও ঢেলেছে। মাঠের চারপাশে জাল দিয়ে ঘিরে দিয়েছে যাতে বল প্রতিবেশীদের ক্ষতি না করে। এরপর উল্লিখিত নিয়ম পরিবর্তনেরও দাবি করেছে তারা। কারণ, চার-ছক্কা ছাড়া ক্রিকেট হয় নাকি! কিন্তু ডায়ানাকে বোঝাবে কে? কিছুতেই রাজি হননি তিনি!