ছক্কাবৃষ্টি ঝরিয়ে ইংল্যান্ডের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অকল্যান্ডের ইডেন পার্কে ক্রিকেট ও রাগবির সহাবস্থান। ক্রিকেট পিচকে রাগবি মাঠের মাঝ বরাবর রাখতে গিয়েই ভজকট। সীমানার সোজা দিকটা হয়ে গেছে হাস্যকর রকমের ছোট। আর কাল ইংল্যান্ড-নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টিতে এই সুবিধাটুকুর পুরোটাই কাজে লাগিয়েছেন ব্যাটসম্যানরা। ছক্কাবৃষ্টি দেখেছে অকল্যান্ডের হাজার পঁচিশেক দর্শক। ২৩ ছক্কার প্রথম ম্যাচটি ৪০ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০-তে এগিয়ে গেছে ইংল্যান্ড। ছক্কাবৃষ্টিতে ভিজেই যেন হাত পিচ্ছিল হয়ে গিয়েছিল কিউই ফিল্ডারদের। পাঁচ-পাঁচটি ক্যাচ ছেড়ে ম্যাচটাকে ইংল্যান্ডের হাতে তুলে দিয়েছে তারা।ইংলিশ ব্যাটসম্যানদের ব্যাটে যেন ছিল অবাধ স্বাধীনতা। প্রত্যেক ব্যাটসম্যানই তাঁদের ব্যাটটাকে বানিয়ে ফেলেছিলেন খোলা তরবারি। কিউই বোলারদের খুন করেই ২১৪ রানের পাহাড়ে ওঠে ইংলিশরা, যেটি তাদের সর্বোচ্চ টি-টোয়েন্টি স্কোর। মাইকেল লাম্ব, অ্যালেক্স হেলস, লুক রাইট, এউইন মরগান, জনি বেয়ারস্টো ও জস বাটলার মিলে মেরেছেন ১৫টি ছক্কা। সর্বোচ্চ রান মরগানের (৪ চার ও ৩ ছয়ে ২৬ বলে ৪৬), তবে সবচেয়ে খুনে মেজাজে ছিলেন লুক রাইট। ৩ চার ও ৪ ছয়ে ২০ বলে ৪২ রান করেছেন এই অলরাউন্ডার। ৩ ছয় ছিল উইকেটকিপার জস বাটলারের ১৬ বলে ৩২ রানের ইনিংসেও।জিততে হলে করতে হতো ওভারপ্রতি প্রায় ১১ রান। নিউজিল্যান্ডের শুরুটাও হয় দারুণ। প্রথম পাঁচ ওভারে ৪৬ রান তুলে ঠিক পথেই ছিল দলটি। এর পরই ছন্দপতন, সময় গড়ানোর সঙ্গেই মিইয়ে যায় তাদের ব্যাটিং। শেষ হওয়ার অনেক আগেই শেষ হওয়া ম্যাচে নিউজিল্যান্ড শেষ পর্যন্ত করেছে ৯ উইকেটে ১৭৪ রান। ২৪ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার-সেরা বোলিং করেছেন ইংলিশ অধিনায়ক স্টুয়ার্ট ব্রড।সিরিজের দ্বিতীয় ম্যাচ ১২ ফেব্রুয়ারি হ্যামিল্টনে। এএফপি, রয়টার্স।সংক্ষিপ্ত স্কোরইংল্যান্ড: ২০ ওভারে ২১৪/৭ (লাম্ব ২২, হেলস ২১, রাইট ৪২, মরগান ৪৬, বেয়ারস্টো ৩৮, বাটলার ৩২*, প্যাটেল ২, ব্রড ৪, ট্রেডওয়েল ০*; ম্যাকলেনাগন ১/২৯, বোল্ট ২/৪০, হিরা ২/৪২, নাথান ম্যাককালাম ০/৪৯, এলিস ২/৪০, ফ্র্যাঙ্কলিন ০/১৪)। নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৭৪/৯ (রাদারফোর্ড ১৮, গাপটিল ৪৪, ব্রেন্ডন ম্যাককালাম ১০, টেলর ১৩, মানরো ২৮, ফ্রাঙ্কলিন ৮, নাথান ম্যাককালাম ৩, এলিস ৪, হিরা ২০*, বোল্ট ৪, ম্যাকলেনাগন ৬*; ফিন ৩/৩৯, ব্রড ৪/২৪, ডার্নব্যাখ ০/৩৩, রাইট ২/২৯, প্যাটেল ০/১৭, ট্রেডওয়েল ০/২৪)।ফল: ইংল্যান্ড ৪০ রানে জয়ী।