৬৯ বলে সেঞ্চুরি, ৮টি ছক্কা। সেন্ট লুসিয়ার চতুর্থ ওয়ানডেতে নিজের বিধ্বংসী রূপটা আবারও দেখিয়েছেন কাইরন পোলার্ড। ওই ইনিংসটা ছিল ওয়ানডেতে পোলার্ডের ৫০তম। ৫০ ইনিংসেই পোলার্ডের ৬৬টি ছক্কা, ইনিংসপ্রতি ১.৩২। ওয়ানডেতে কমপক্ষে ১০টি ছক্কা মেরেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে এটাই সেরা গড়। সর্বোচ্চ ২৯৮টি ছক্কা হাঁকানো শহীদ আফ্রিদির ইনিংসপ্রতি ছক্কা ০.৯৪টি। ছক্কার গড়ে পোলার্ডের সবচেয়ে কাছাকাছি আছেন তাঁরই সতীর্থ আন্দ্রে রাসেল। ১.১৯ গড়ে ১৬ ইনিংসে ১৯টি ছক্কা মেরেছেন এই অলরাউন্ডার। তালিকার তৃতীয় নামটি একটু বিস্ময় জাগাতে পারে। কানাডার রিজওয়ান চিমা ৩০ ইনিংসে মেরেছেন ৩৪টি ছক্কা, গড় ১.১৩। এরপর ভারতের ইউসুফ পাঠান ১.০৯ গড়ে ৪৩টি ছক্কা মেরেছেন। আয়ারল্যান্ডের পল স্টার্লিং ১.০৬ গড়ে ৩৮টি ছক্কা নিয়ে আছেন পরের স্থানে। বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে আফতাব আহমেদ (০.৫৮)। ৮৫ ইনিংসে ৪৯টি ছক্কা মেরেছেন আফতাব।