ছন্দ ও স্বস্তি দুটোই পেল বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ডিসেম্বরের এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়েই শিরোপা দৌড়ে ফিরতে চায় বার্সেলোনা। তবে এর আগে ছোটখাটো দলের সঙ্গে পা হড়কালে তো চলবে না। পরশু রায়ো ভ্যালেকানোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েই এল ক্লাসিকোর একটা প্রস্তুতি সেরে রাখল চ্যাম্পিয়নরা। আপাতত নিন্দুকদেরও মুখে কুলুপ।নিজেদের মাঠে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা; জোড়া গোল করেন অ্যালেক্সিস সানচেজ, ডেভিড ভিয়া একটি। মনে হচ্ছিল, সব ক্ষোভ-রাগ-হতাশা বুঝি নবাগত দলটির ওপরই ঝাড়বে বার্সা। দ্বিতীয়ার্ধের ৫ মিনিটের মাথায় লিওনেল মেসি লিগে তাঁর ১৬ আর মৌসুমে ২৬তম গোলটি করে সেই ইঙ্গিতই দেন। কিন্তু শেষ পর্যন্ত ভ্যালেকানোকে আর কোনো গোল হজম করতে হয়নি।এই জয়ে রিয়ালের সঙ্গে পয়েন্টের ব্যবধান আবার তিনে নামিয়ে আনল বার্সা। তবে তারা একটি ম্যাচ বেশি খেলে ফেলল। এ মাসের মাঝামাঝি ফিফা ক্লাব বিশ্বকাপ খেলবে পেপ গার্দিওলার দল। এ কারণেই একটি ম্যাচ এগিয়ে আনা। অবশ্য ক্লাব বিশ্বকাপের আগেই লিগে রয়েছে আরও দুটি ম্যাচ। শনিবার লেভান্তে। এর পরই রিয়ালের মাঠে লিগের প্রথম এল ক্লাসিকো।তবে ম্যাচ শেষে বার্সার জয়ের চেয়েও বেশি কথা হয়েছে জেরার্ড পিকের হলুদ কার্ড নিয়ে। সময়ক্ষেপণ করে হলুদ কার্ড দেখেছেন পিকে। পর পর দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় লেভান্তের বিপক্ষে খেলতে পারবেন না এই সেন্টার ব্যাক। তবে এল ক্লাসিকো খেলতে এখন আর কোনো বাধা রইল না। এই হলুদ কার্ডটাই পিকে যদি লেভান্তে ম্যাচে দেখতেন, এল ক্লাসিকো খেলা হতো না। মানে পরিষ্কার, ইচ্ছে করেই হলুদ কার্ড দেখেছেন পিকে!এটা নীতিবিরুদ্ধ কি না, এ নিয়ে সাংবাদিকেরা বেশ শোরগোল তুলেছে। যদিও কোনো মন্তব্য করতে রাজি হননি গার্দিওলা। তবে কথা বলেছেন সানচেজকে নিয়ে। প্রতি ম্যাচ শেষেই মেসির প্রশংসা করে করে ক্লান্ত গার্দিওলা এদিন ‘রুচি পরিবর্তনে’র সুযোগ পেলেন, ‘অ্যালেক্সিস আসলে স্ট্রাইকার নয়। তার পরও স্ট্রাইকারের কাজটা ও করে দেয়। যেটা আমাদের অনেক উপকারে আসে।’পরশু সপ্তাহের মাঝপথে ম্যাচ খেলেছে নাপোলি-জুভেন্টাসও। ম্যাচটি হয়েছে জমজমাট। শীর্ষে থাকা জুভেন্টাসের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক নাপোলি। এগিয়ে যেতে পারত ৩-০ ব্যবধানেই, যদি না ১৬ মিনিটে পেনাল্টি মিস করতেন মারেক হামসিক। অবশ্য ২২ মিনিটে হামসিকই এগিয়ে দিয়েছেন, ৪০ ও ৬৮ মিনিটে জোড়া গোল করেছেন গোরান পানদেভ। আলেসান্দ্রো মাত্রি, মার্সেলো এস্তিগ্যারিবিয়া ও সিমোনে পেপের গোলে শেষ পর্যন্ত ড্র করে জুভরা।তবে এই ড্র মানছে না নাপোলি। কারণ হামসিক পেনাল্টি থেকে প্রথমে গোলই করেছিলেন। কিন্তু খেলোয়াড়েরা আগেই বক্সে ঢুকে পড়েছিল দাবি করে আবার শট নিতে বলেন রেফারি। কিন্তু দ্বিতীয় শটে গোল করতে পারেননি হামসিক। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নাপোলি সভাপতি অরেলিও ডি লরেন্তিস, ‘যে যা-ই বলুক, আমার কাছে ম্যাচটা ৪-৩ গোলে শেষ হয়েছে।’ এএফপি, রয়টার্স।