ছন্দ ধরে রাখতে চায় পাকিস্তান
চট্টগ্রামে এসে সবকিছুই একটু বেশি বেশি চাইছে পাকিস্তান। কাল বেশি করে প্র্যাকটিস করল, এই ম্যাচের টিকিটও নাকি তাদের একটু বেশি লাগবে!বিদেশি দলের খেলোয়াড়দের ম্যাচের সৌজন্য টিকিট দেওয়ার রেওয়াজ সবখানেই আছে। ঢাকায় যেমন পাকিস্তান দল ম্যাচপ্রতি ১০০টি করে সৌজন্য টিকিট পেয়েছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ধারণক্ষমতা মিরপুর স্টেডিয়ামের তুলনায় কম বলে এখানে তাদের জন্য বরাদ্দ ৭৫টি টিকিট। কিন্তু পাকিস্তান দলের নাকি ১০০টি টিকিটই চাই!পাকিস্তান দলের হাত দিয়ে এই টিকিট নিশ্চয়ই চলে যাবে বাংলাদেশে প্রবাসী পাকিস্তানি বা চট্টগ্রামে থাকা তাদের পরিচিতজনদের হাতে। তা গ্যালারিতে সমর্থন বাড়াতেই কি বাড়তি টিকিট চাওয়া? হতেও পারে। এই মাঠ পাকিস্তানের জন্য একেবারেই নতুন, অন্যদিকে বাংলাদেশ দলের সৌভাগ্যের বসতিও তো এখানেই!সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় চার ঘণ্টার অনুশীলনের এক ফাঁকে কথা বলতে এসেছিলেন মিসবাহ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের অতীত তাঁদের ভাবনার মধ্যে নেই বলেই জানালেন তখন, ‘তারা এই মাঠে কী করেছে বা কী করতে চায়, আমরা সেসব নিয়ে ভাবছি না। আমরা আমাদের খেলার দিকেই বেশি মনোযোগ দিচ্ছি।’২-০-তে এগিয়ে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত হওয়ার পরও তাই সিরিজের বাকি সব ম্যাচই জিততে চান মিসবাহ, ‘আমরা মোটেও হালকাভাবে নিচ্ছি না ম্যাচটা। কারণ সব ম্যাচই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ওয়ানডে সিরিজে এখনো একটা ম্যাচ বাকি, এরপর দুটি টেস্ট আছে। আমরা এখন ওই ম্যাচগুলোর দিকেই তাকিয়ে।’শ্রীলঙ্কা সিরিজের পর বাংলাদেশের বিপক্ষেও পাকিস্তানকে দেখা যাচ্ছে অন্য চেহারায়। চির-অন্তঃকলহের দল এখন যেন এক সুতোয় গাঁথা। শৃঙ্খলা নিয়েও এখন পর্যন্ত কোনো গুঞ্জন আসেনি দলের ভেতর থেকে। বদলে যাওয়ার রহস্যটা বললেন মিসবাহই, ‘দেড় বছর ধরে এই নিয়েই কাজ করছি আমরা। কোচ, সাপোর্ট স্টাফ এবং খেলোয়াড়েরাও কঠোর পরিশ্রম করছে। নতুন কিছু ছেলে এসে ভালো করছে, জায়গা ধরে রাখতে পারছে তারা। আমাদের সবারই নির্দিষ্ট একটা লক্ষ্য আছে এবং দলের সবাই সেটা জানে।’পেসার উমর গুলের লক্ষ্যটা যেমন নিজেকে ফিরে পাওয়া। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেট পেলেও ওই পাঁচ ম্যাচের সিরিজে উইকেট মাত্র ৪টি! উইকেটশূন্য তিন ম্যাচে। বাংলাদেশ সফর সেই বন্ধ্যাত্ব কিছুটা হলেও ঘুচিয়েছে। টি-টোয়েন্টি ও প্রথম ওয়ানডেতে একটি করে উইকেট পাওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে ৪ উইকেট। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে স্বস্তি ফিরে পাওয়ার কথা বললেন গুল, ‘এখানে এসে ছন্দটা ফিরে পাচ্ছি, সেটাই বড় কথা। আশা করি, সামনের ম্যাচগুলোয়ও এই ধারাবাহিকতা থাকবে।’