ছন্দে ফিরেই খুশি সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছরের আগামী টুর্নামেন্টগুলোয়ও এমন সাফল্য পেতে চান সিদ্দিকুর। কাল কুর্মিটোলা গলফ কোর্সে শিরোপা জয়ের পর l প্রথম আলো
বছরের আগামী টুর্নামেন্টগুলোয়ও এমন সাফল্য পেতে চান সিদ্দিকুর। কাল কুর্মিটোলা গলফ কোর্সে শিরোপা জয়ের পর l প্রথম আলো

মূলত ফিটনেস পাওয়ার লড়াই। তাতে আবার নিজের গড়া রেকর্ডটা ভাঙার সুযোগ ছিল। পারের চেয়ে ১৯ শট কম খেলে বছর চারেক আগে যে রেকর্ড নিজেই গড়েছিলেন সিদ্দিকুর রহমান, কাল সেটা ছুঁতে পারলেন না অল্পের জন্য। পারের চেয়ে ১৮ শট কম খেলে কাল জেমকন প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপের শিরোপাটা জিতেছেন দেশসেরা গলফার।
কুর্মিটোলা গলফ কোর্সে সিদ্দিকুর শেষ শটটি বার্ডি করতেই তুমুল করতালি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও মধ্যমণি হয়ে রইলেন। চোট তাঁকে গত বছর খেলতে দিয়েছে মাত্র ১২টি টুর্নামেন্ট। বছরটা জয় দিয়ে শুরু করতে পেরে তাই উচ্ছ্বসিত সিদ্দিকুর, ‘চ্যাম্পিয়ন হয়েছি এটা বড় নয়, ৪ দিনে ১৮ আন্ডার পার (১৮ শটের কম) খেলেছি, এটাই আমার জন্য ইতিবাচক। আবারও ছন্দে ফিরতে পেরেছি বলেই স্বস্তি।’
শুরুটা ভালো হলেও শেষ দিকে এসে খেই হারিয়ে ফেলাটা প্রায় অভ্যাস হয়ে গিয়েছিল সিদ্দিকুরের। নতুন বছরে শুরুটা ভালো হওয়ায় তাই আত্মবিশ্বাসও বেড়েছে অনেক। চিকিৎসকের পরামর্শমতো ট্রেনিং, সাঁতারসহ অন্যান্য অনুশীলন চলছে। ফেব্রুয়ারির আগেই পুরো ফিট হওয়ার আশা সিদ্দিকুরের, ‘আমি এখন ৯০ ভাগ ভালো। এখনো চিকিৎসকের পরামর্শমতো চলছি। আশা করি, এশিয়ান ট্যুরের মৌসুম শুরুর আগেই পুরো ফিট হয়ে উঠব।’ ফেব্রুয়ারিতে সিদ্দিকুর এশিয়ান ট্যুরের প্রথম টুর্নামেন্টে খেলবেন মালয়েশিয়ায়, এরপর ব্যাংকক ও দিল্লিতে।
পেশাদার গলফার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) এই টুর্নামেন্ট আরও বেশি হওয়া উচিত বলে মনে করেন বিশ্ব গলফ মানচিত্রে বাংলাদেশকে তুলে ধরা গলফার, ‘এখানে অন্যরা এখনো ততটা ভালো করছে না। ভালো করতে হলে বেশি বেশি টুর্নামেন্ট খেলতে হবে।’ কিন্তু সেই টুর্নামেন্টই তো হচ্ছে না! গত বছর মাত্র ৮টি টুর্নামেন্ট আয়োজন করে বিপিজিএ। কিন্তু মাত্র ১০-১২ জন পেশাদার গলফারের এতে লাভ হয় না। বাস্তবতা হচ্ছে টাকার জন্য বাংলাদেশের এই গলফাররা এশিয়ান ট্যুরে খেলার সুযোগ পান না। বিপিজিএ খেলে পাওয়া আর্থিক পুরস্কার দিয়েই তাঁরা এশিয়ান ট্যুরে খেলতে চান। সিদ্দিকুর ছাড়াও এ বছর এশিয়ান ট্যুর নিশ্চিত করেছেন জামাল হোসেন। বাছাইয়ে খেলবেন সোহেল, জাকির ও দুলাল। বাছাইয়ে টিকে গেলে তো ভালোই। তা না হলেও এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরে অন্তত ৩০টি টুর্নামেন্টে খেলার সুযোগ পাবেন তাঁরা।