ছবিতে বাংলাদেশের ক্রীড়া ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল (অব.) ওয়ালীউল্লাহ তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূকে ছবি দেখাচ্ছেন ঘুরে ঘুরে। আর তাঁরা ছবির ফ্রেমে খুঁজে ফিরছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আনন্দের-আবেগের মুহূর্তগুলোকে। বিওএ ভবনে চলছে ক্রীড়া আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা। কিন্তু খুব একটা দর্শক সাড়া নেই। বর্তমান ক্রীড়াঙ্গনেরই যেন প্রতীকী চিত্র। এটি শুরু হয়েছে গত ২৫ জুন, চলবে আগামী পরশু পর্যন্ত। সকাল ১০টা থেকে বেলা ২টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই প্রদর্শনী।উদ্যোক্তাদের সঙ্গে কাল কথা বলে জানা গেল, অলিম্পিক ভবনে একটি ক্রীড়া সংগ্রহশালা গড়ে তোলার লক্ষ্যেই এই প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন। প্রদর্শনী বিভাগে ঠাঁই পেয়েছে মোট ১৩৮টি চিত্র, প্রতিযোগিতায় ১৭২টি। ছবিতে বাঙ্ময় হয় অতীত, একটি ছবি বলে হাজার কথা। তা অনেক দুর্লভ ছবি আমাদের স্মৃতিমেদুর করে দেয় বৈকি! একটিতে সর্বকালের সেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী বাংলাদেশের পতাকা তুলে ধরেছেন বক্সিং স্টেডিয়ামে, পরে যেটির নামকরণ হয়েছে মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম। এটি সেই ১৯৭৮ সালের ফেব্রুয়ারির কথা। ১৯৮৫ সাফ গেমসের ১০০ মিটার বিজয়ী মরহুম শাহ আলম দ্রুততম মানবের মুকুট ধরে রাখলেন ১৯৮৭ কলকাতা সাফ গেমসের ট্র্যাকে, সেটিও উজ্জ্বল এক ফ্রেমে। ১৯৯৯ কাঠমান্ডু সাফ গেমসে বহু প্রার্থিত ফুটবলের সোনা জয়ের পর বাংলাদেশ দলের উল্লাসের ছবি। ২০০০ সালের ১০ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করছেন বাংলাদেশের অভিষেক টেস্টের, তাঁর পাশে দুই বাঙালি অধিনায়ক নাঈমুর রহমান ও সৌরভ গাঙ্গুলী। আশির দশকে ঢাকা স্টেডিয়ামের দর্শক হাঙ্গামার ছবিও আছে, যেখানে উত্তেজিত জনতার ভয়ে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে জীবন বাঁচাতে ছুটছেন এক ফুটবলার। এ রকম আরও অনেক ছবি আপনাকে অতীতে নিয়ে যাবে। ভালো উদ্যোগ, তবে আরও ভালো হতে পারত। অনেক দুর্লভ ছবির ক্যাপশন না থাকায় দর্শক শুধু ছবিটাই দেখে, কিন্তু ঘটনার সঙ্গে পরিচিত হতে পারে না। খানিকটা অযত্ন ও তাড়াহুড়োই যেন প্রকাশ পায়। তার পরও এই উদ্যোগের জন্য বিওএ সাধুবাদ পেতেই পারে।