ছাদের অপেক্ষায় চার বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লে কোর্ট, সেটিকে এবার যেন আরও ‘কর্দমাক্ত’ করে তুলতে চাইছে বৃষ্টি। টুর্নামেন্ট শুরু হয়েছে দুই দিন হয়ে গেল, কিন্তু বৃষ্টির কারণে ঠিকমতো খেলাই তো হতে পারছে না! প্রথম দিন ৩২ ম্যাচের ২২টিকেই কোর্টে গড়াতে দেয়নি বৃষ্টি। তার ওপর আবার গ্যালারিতেও ছাদ নেই, দর্শকদেরও ভিজতে হচ্ছে। কিন্তু কিছু করার নেই। ফ্রেঞ্চ ওপেনের প্রধান গাই ফোরজের কথা সত্যি হলে রোলাঁ গারোতে ছাদ পেতে অপেক্ষা করতে হবে অন্তত ২০২০ সাল পর্যন্ত।
এবার ফ্রেঞ্চ ওপেনে প্রথম দিনে খেলা হয়েছে ঘণ্টা চারেক। গতকাল দ্বিতীয় দিনেও বৃষ্টির বাগড়ায় খেলা কোর্টে গড়াতেই দেরি হয়েছে আড়াই ঘণ্টা। গত রোববার থেকে শুরু টুর্নামেন্টটিতে এখন পর্যন্ত বৃষ্টিই প্রধান চরিত্র।
চারটি গ্র্যান্ড স্লামের বাকি তিনটিরই গ্যালারিতে ছাদ আছে। অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডনে তো ছিলই, ইউএস ওপেনে আর্থার অ্যাশ স্টেডিয়ামেও এই বছর থেকে খেলা হবে ছাদের নিচে। ফ্রেঞ্চ ওপেন প্রধান ফোরজের কণ্ঠে তাই হতাশা, ‘আমরা শুধু অপেক্ষা করেই যাচ্ছি, করেই যাচ্ছি। যেখানে উইম্বলডন, মেলবোর্ন ও নিউইয়র্কে ছাদ আছে। আমাদের ২০২০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।’ এএফপি।