ছাদের নিচে ক্রিকেট উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনজনই সাবেক ক্রিকেটার। তিনজনই এখনো ভিন্ন ভূমিকায় ক্রিকেটের সঙ্গেই জড়িয়ে। তবে প্রধান নির্বাচক আকরাম খান, ধারাভাষ্যকার আতহার আলী খান এবং ক্লেমন ক্রিকেট একাডেমি ও দুরন্ত রাজশাহীর প্রধান কোচ খালেদ মাসুদ এবার এক মঞ্চে আসলেন অন্য পরিচয়ে। জাতীয় দলের সাবেক এই তিন ক্রিকেটারের নতুন পরিচয়—‘দ্য থ্রি ক্রিকস’।থ্রি ক্রিকস মূলত অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান। এটির ব্যানারে এক হয়ে বাংলাদেশের ক্রিকেটকে তাঁরা উপহার দিতে যাচ্ছেন একটা নতুনত্ব। আকরাম, আতহার ও মাসুদের উদ্যোগে ২২ থেকে ২৮ ফেব্রুয়ারি ৩২টি বিশ্ববিদ্যালয় দল নিয়ে মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের লেমন ড্রিংক ক্লেমন, সহযোগী পৃষ্ঠপোষক ওয়ালটন।মিরপুর ইনডোরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কাল আকরাম খান জানালেন ব্যতিক্রমী এই টুর্নামেন্ট আয়োজনের পেছনের গল্প, ‘১৯৯৮ সালে নিউজিল্যান্ড সফরে গিয়ে প্রথম এই খেলা দেখি। আমরা নিজেরাও একদিন সেখানে মজা করে খেলেছিলাম ইনডোর ক্রিকেট। তখন থেকেই ইচ্ছা ছিল এ রকম একটা কিছু করার।’টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ৫৫টি। পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৩২টি দল খেলবে আটটি গ্রুপে ভাগ হয়ে। গ্রুপ চ্যাম্পিয়নদের নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল। এরপর সেমিফাইনাল ও ফাইনাল। ৮ ওভারের ম্যাচে প্রতি দলে খেলবেন আটজন করে খেলোয়াড়, কোনো বোলার ২ ওভারের বেশি বল করতে পারবেন না। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ টাকা, রানার্সআপ ২ লাখ। এ ছাড়া প্রতি ম্যাচেই থাকবে সেরা খেলোয়াড়ের পুরস্কার, টুর্নামেন্ট-সেরা পাবেন ওয়ালটনের পক্ষ থেকে একটি মোটরসাইকেল। ব্যতিক্রমী হলো পুরস্কার থাকবে দর্শকদের জন্যও। ‘শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই নন, খেলবে দর্শকেরাও। যেহেতু ইনডোরে খেলা, গ্যালারিতে প্রচুর ক্যাচ যাবে। সেসব ক্যাচ যারা নেবে, তাৎক্ষণিকভাবে পুরস্কৃত করা হবে তাদের’—সংবাদ সম্মেলনে বলেছেন খালেদ মাসুদ। এটা জেনে উৎসাহিত হওয়ার সঙ্গে একটু ভয়ও পেতে পারেন খেলা দেখতে যেতে আগ্রহীরা। তবে ভয়ের কিছু নেই। প্রচলিত ক্রিকেট বল নয়, খেলা হবে নরম বলে। সংবাদ সম্মেলনে আরও ছিলেন আকিজ গ্রুপের পরিচালক সেখ জামিল উদ্দিন ও সেখ শামীম উদ্দিন, ওয়ালটনের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান ও অতিরিক্ত পরিচালক উদয় হাকিম।