ছাদের নিচে ক্রিকেট-উৎসব শুরু
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সুইচ চাপলেন। নানা প্রান্ত থেকে উড়ল কনফেত্তি। রংবেরঙের কনফেত্তিতে ছেয়ে গেল সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম। তা বাতাসে থাকতেই শুরু হলো আগুনের খেলা। লাল-নীল-সবুজ আগুনের শিখায় আলোকিত চারপাশ। কনফেত্তি আর আগুনের খেলা মনে করিয়ে দিচ্ছিল বিগ ব্যাশকে।মাহমুদুজ্জামান বাবু মনে করিয়ে দিলেন, এটা বাংলাদেশই। ‘আমি বাংলায় গান গাই’ গাইতে গাইতে ঢুকলেন বাবু। দুই পাশ থেকে বেরিয়ে এলেন ৩৪ জন স্কেটার, হাতে একেকটি বাংলা বর্ণ নিয়ে স্কেটিংয়ের দৃষ্টিনন্দন খেলা দেখাতে থাকলেন বাবুকে ঘিরে। দেশের গান, সঙ্গে গ্যালারির দর্শকের হাত দোলানো আর ঘুরতে থাকা বর্ণমালা—দেশ আর ভাষার প্রতি ভালোবাসা ও আবেগ মিলিয়ে ইনডোর স্টেডিয়াম তখন যেন এই সময়ের এক টুকরো বাংলাদেশ। বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনার দৈন্য ও সমন্বয়হীনতার স্মৃতি এখনো তরতাজা। সেখানে কাল সকালে ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটের সংক্ষিপ্ত ছিমছাম উদ্বোধনী অনুষ্ঠান মুগ্ধ করার মতোই।আতহার আলী খান, আকরাম খান ও খালেদ মাসুদ—বাংলাদেশ ক্রিকেটের তিন সাবেক তারকার প্রতিষ্ঠান ‘থ্রি ক্রিকস’-এর পরিকল্পনা ও উদ্যোগে মাঠে গড়াল এই ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট। এই ‘মাঠে গড়ানো’ ঠিক প্রথাগত অর্থে নয়। ইনডোর স্টেডিয়ামের উডেন ফ্লোরে টার্ফের উইকেট ও রাবার বলে খেলা, একদলে খেলোয়াড় আটজন। ১৯৯৭ সালে নিউজিল্যান্ড সফরে গিয়ে ইনডোর ক্রিকেট দেখেছিলেন খালেদ মাসুদরা। তখন থেকেই ব্যাপারটা ছিল তাঁদের মাথায়, বাস্তবায়ন এত দিনে এসে। ইনডোর ক্রিকেট বিশ্বের নানা জায়গায় হলেও বাংলাদেশে হচ্ছে এই প্রথম। উদ্বোধন করার আগে শিক্ষামন্ত্রী বললেন, ‘বাংলাদেশের সাবেক তিন কৃতী ক্রিকেটার যখন উদ্যোগ নিয়েছে, অবশ্যই ভালো কিছু হবে।’ উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ক্লেমন স্পোর্টস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও আকিজ ফুডসের কর্মকর্তারা। আকরাম খান বললেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ক্রিকেটে আরও আগ্রহী করতেই এই উদ্যোগ।’৩২টি বিশ্ববিদ্যালয় দল খেলছে আটটি গ্রুপে ভাগ হয়ে। সেই গ্রুপগুলোর নাম আবার সাবেক আট ক্রিকেটারের নামে—আতহার আলী খান, আকরাম খান, আমিনুল ইসলাম, খালেদ মাসুদ, খালেদ মাহমুদ, মোহাম্মদ রফিক, নাঈমুর রহমান ও হাবিবুল বাশার। ৩২ দলের অধিনায়ককে নিয়ে মার্চপাস্ট হলো, সঙ্গে জাতীয় পতাকা ও সব দলের পতাকা হাতে স্কেটারদের আরেকটি দৃষ্টিনন্দন পরিবেশনা। ৮ ওভারের ম্যাচ, প্রায় প্রতি বলেই চার-ছয়। বিয়েবাড়ির মতো সাজানো স্টেডিয়াম, ধুমধাড়াক্কা ক্রিকেটের সঙ্গে ডিজে মিউজিক, আগুনের শিখা আর দর্শকদের জন্য নানা পুরস্কার—সব মিলিয়ে ক্রিকেট টুর্নামেন্ট নয়, ইনডোর স্টেডিয়ামে চলছে যেন ক্রিকেট উৎসব!এই উৎসব চলবে সপ্তাহব্যাপী। আট গ্রুপের চ্যাম্পিয়নরা খেলবে কোয়ার্টার ফাইনাল। সেখান থেকে সেমিফাইনাল-ফাইনাল, সমাপ্তির বাঁশি বাজবে ২৮ ফেব্রুয়ারি।