ছাড় পাবে না ইংল্যান্ড
কদিন পরই ভারতে আসছে ইংল্যান্ড। দলের ‘দ্বাদশ খেলোয়াড়’ ইংলিশ মিডিয়া নিশ্চয়ই এর মধ্যে স্বরূপে দেখা দেবে। বারবার ভারতকে মনে করিয়ে দেবে, ‘৪-০’, ‘৩-০’। ভারতীয় মিডিয়ার হাতেও কিন্তু জবাব তৈরি। তারা বলবে ‘৫-১’ ও ‘৫-০’!ভারতে এসে খেলা সর্বশেষ দুটো ওয়ানডে সিরিজে এভাবেই হেরেছে ইংল্যান্ড। সম্প্রতি পারফরম্যান্স যা-ই হোক না কেন, ভারতের মাটিতে সুবিধা করতে পারবে না ইংলিশরা। এ কথাই মনে করিয়ে দিলেন কপিল দেব, ‘ভারতে কি ওরা দাপট দেখাতে পারবে? খুব একটা সহজ হবে না। মানছি, গত গ্রীষ্মে ভারত একদমই ভালো খেলেনি। কিন্তু ইনজুরিও মারাত্মক প্রভাব ফেলেছিল।’ এদিকে ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার কিন্তু আশা করছেন, অধিনায়ক অ্যালিস্টার কুকই তাদের আগের সাফল্যের পুনরাবৃত্তি ঘটাবেন ভারত সফরে। আজই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারতের উদ্দেশে রওনা হবে কুক বাহিনী। যে বাহিনীতে গত টেস্ট সিরিজের সাফল্যের অন্যতম রূপকার জেমস অ্যান্ডারসন নেই। নির্বাচকেরা বিশ্রাম দিয়েছেন এই সফরে। ওয়েবসাইট।