ছাড়া ছাড়া সুখ, ছাড়া ছাড়া দুঃখ
অনেক মোচড়ামুচড়ি করে ৫৮-এর কাছাকাছি এসে আটকে গেল বাংলাদেশ। কিন্তু গ্যালারিভর্তি দর্শক ৫৮ উদ্যাপনের জন্য মুখিয়ে আছেন। ৫৮-৫৮ চিৎকার গ্যালারিজুড়ে। শেষ পর্যন্ত বাংলাদেশ ঐতিহাসিক ৫৮-তে পৌঁছাল। এর মধ্যেই মাহমুদউল্লাহর বিদায়, ৬ উইকেটে ৫৮। এরপর দর্শকদের দাবি, ‘এক রান, এক রান’—সকালের ম্যাক্সিকান ওয়েভের মতো ভেসে ভেসে আসছে এই প্রত্যাশার আওয়াজ। এই আওয়াজের ভেতরটা দুঃখে ভরা, বাহিরটা বৈরী অবস্থায় তৈরি হতাশাকে হাস্যরসে চাপা দেওয়ার চেষ্টা। দর্শক-প্রত্যাশার সেই ১ রান করতে পেরেছে বাংলাদেশ। উদ্যাপন হয়েছে দাঁড়িয়ে, হাত-ছোড়া চিৎকারে। সাকিবরা ছাড়িয়ে গেছেন সাকিবদের। আনন্দ খুঁজছেন আহত দর্শক।বিষয় যখন রম্যে রূপ পেয়েছে, তখন সৈয়দ মুজতবা আলীর স্মরণ তো পড়বেই। সৈয়দ মুজতবা আলী গেছেন কলকাতার ইস্ট বেঙ্গলের খেলা দেখতে। ইস্ট বেঙ্গলের সমর্থক হিসেবে তো বটেই। বিপক্ষে গুর্খা দল। ফলাফল! তাঁর দল জিতেছে। সে নিয়ে তো মনের আনন্দে রম্য করা যায়। ‘ফুটবল’ গল্পে তা করেছেনও তিনি। কিন্তু শাহেদ মুহাম্মদ আলী দুই দিন বাংলাদেশের খেলা দেখতে গেছেন। দুই দিনই বাংলাদেশ হেরেছে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৫৮ রান। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ৭৮ রান। মুজতবা আলী হলেও বোধ করি এই নিয়ে রম্য করার সাহস পেতেন না! কিন্তু আমাদের খেলার প্রাণ গ্যালারির দর্শকেরা তো আর মুজতবা আলী নন। তাঁরা প্রথম উইকেটে ইশ্, দ্বিতীয় উইকেটে আহ্, তৃতীয় উইকেটে উহ্, চতুর্থ উইকেটে ধ্যাৎ, বলেছেন ঠিকই। কিন্তু এরপর আর নিজের ওপর তত মানসিক চাপ নিতে রাজি না। আনন্দ খুঁজতে শুরু করলেন আলাপনে, দর্শনে, তাচ্ছিল্যে, মাতমে। পেছনে বসা তরুণ দর্শকের ফোন এসেছে, ‘হ্যালো ভাইয়া, টিভিতে দেখতাছ। আর বইলো না। থাক, তবে আমরা অনেক মজা করেছি। অনেক সেলিব্রেটিরে দেখছি। সামনে দিয়ে আতহার আলী খান, ফারুকরা হেঁটে গেল। দেখলাম। হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার) বুঝছ, বসে পানি খায়, কখনো দাঁড়ায়ে খায় না। ইমরান তাহিরও, বুঝছ। আব্বু প্রথম ইনিংসের পর ওপরে গেছে। দেখছে, দুইজনে নামাজ পড়ে। বুঝছ, পিটারসন আমাদের একদম সামনে দাঁড়ায়া ফিল্ডিং করতেছে। সবাই তারে ডাকতেছে। সে সাড়াও দিয়েছে। বুঝছ, চাপ নাই তো!’তরুণের কথা থামছে না। অনেকে মাথা ঘুরিয়ে তাঁকে দেখছেন। মজা পাচ্ছেন। ‘শুন ভাইয়া, দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করাতে ভালোই হইছে। একটা ইনিংস দেখতে পারছি। অনেক মজা করছি। উইকেট পড়লে চিল্লাইছি। অনেক কিছু মোবাইলে ভিডিও করছি, ছবি তুলছি। পাঁচ শ ছবি তোলার মতো জায়গা ছিল। সব ভরাই ফালাইছি। করে ভালোই করছি। জায়গা থাকলেও তো এখন কিছু করার নাই। সবাই তো পইড়া যাইতেছে।’একজন খাবার নিয়ে এসে বসতে বসতে বললেন, রাষ্ট্রপতি জিল্লুর রহমানের জন্য খাবার নেওয়া হচ্ছে দেখে এসেছেন। লাল আটার রুটি আর সবজি। সত্যাসত্য কে দেখে! শুনতে মজা লাগছে। খবর আনয়নকারী প্যাকেট খুলে প্রাইড চিকেন মুখে পুরছেন। পেপসি, সেভেন-আপ চলছে আশপাশে, সামনে-পেছনে। ঠান্ডা পানীয়ের বিরুদ্ধে গরম হয়ে পড়ার অভিযোগ এনে ঠোঁটে তুলছেন একজন। পাশের জন সায় দিচ্ছেন। আহাররত অবস্থার ছবিও তোলা হচ্ছে মোবাইল ফোনে, ক্যামেরায়। উইকেট ঝরার দিনে বল ঠেকিয়েই তালি পাচ্ছেন ব্যাটসম্যান।সাকিব আল হাসানের রান দুই অঙ্কে পৌঁছেছে, ১০। ব্যাপক চিৎকার, করতালি, হাসাহাসি। এই প্রকাশ স্পষ্টতই দুঃখের। চার উইকেট পড়ার পর প্রথম কোনো ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছাতে পেরেছে। খেলার শেষ পর্যন্ত অবশ্য একমাত্র দুই অঙ্কধারী (৩০) এই সাকিবই। সঙ্গে সস্ত্রীক বসা আইনজীবী তানজীব উল আলম স্বগতোক্তি করলেন, ‘নখ নাই দাঁত নাই, নাম লইছে বাঘ—টাইগার! এত বড় একটা প্রাণীর ইমেজের বারোটা বাজাইয়া দিল।’ যে যাই বলছে, তা থেকেই আনন্দ খুঁজে নিচ্ছে আশপাশের দর্শকেরা।তানজীবের স্ত্রী লিমার তথ্য, প্রাণী আরও আছে। কারওয়ান বাজারে অতিকায় এক কিংকং ব্যাট হাতে বাংলাদেশ দলকে শুভ কামনা জানাচ্ছিল বিশ্বকাপ আয়োজনের শুরু থেকে। তবে গত রাতে শুনলাম, শুভাশিসদায়ী প্রতিষ্ঠানটি সন্ধ্যায় কিংকংটাকে সরিয়ে নিয়েছে। প্রাণী রক্ষার কী মহতী উদ্যোগ! গ্র্যান্ড স্ট্যান্ডে (দক্ষিণ) সপরিবারে খেলা দেখছেন আনিসুল হক। প্রথম ইনিংসের প্রায় পুরোটা একসঙ্গে ছিলাম। দ্বিতীয় ইনিংসে তাঁর অবস্থা অনুমান করা যায়। সান্ত্বনা দিতে গেলাম। তিনি শান্ত আছেন। মেয়ে পদ্যর মন খারাপ। একটা চার হলো। দর্শকেরা দারুণ উদ্যাপন করল। এপারে এখন ছায়া। সকাল থেকে সারা দিন রোদ খাওয়া গ্যালারির দর্শকদের জন্য কেউ কেউ দুঃখ করলেন, ‘বেচারারা! এতক্ষণে লইট্টা শুঁটকি হয়ে গেছেন।’ ৬১ রানে সপ্তম উইকেট। সাকিবের পতন হয়েছে। ফটোসাংবাদিকদের মাঠমুখী ক্যামেরা দর্শকমুখী হয়েছে। ছাতার নিচ থেকে বের হয়ে দর্শকদের করুণ মুখ খুঁজছেন তাঁরা। ফলাফলের সঙ্গে মিলিয়ে ছবি রাখতে হবে না! দর্শকেরাও নিজেদের ক্যামেরায়, মোবাইল ফোনে ছবি তুলছেন। গ্যালারি পেছনে রেখে ছবি, মাঠ পেছনে রেখে ছবি। এ তো ক্রিকেট বিশ্বকাপ, স্মৃতি সমৃদ্ধির খেলা। বাংলাদেশ হারছে। কঠিন লজ্জার হার হারছে। সেদিকে চোখ আছে। কিন্তু সর্বস্ব হারানোর দুঃখ নেই। কী যেন অর্জন আছে। খেলাকে খেলা হিসেবে দেখার শক্তি অর্জন করেছে বাংলাদেশের দামাল দর্শক। বাংলাদেশ তিনটি খেলায় হেরেছে। তিনটিতে জিতেছে। আর বাংলাদেশের দর্শকেরা পরিপক্ব হয়েছে। বাংলায় নতুন মতবাদের জন্ম হচ্ছে। সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, সাম্যবাদ, মার্ক্সবাদ, লেনিনবাদ, মুজিববাদের পর নতুন মতবাদের জন্ম দিয়েছে বাংলাদেশের ক্রিকেট—আশাবাদ। আমরা আবার জিতব। জিতবে ক্রিকেট।