ছাড়া পেলেন আসিফ
তারিখটা নিয়ে বিভ্রান্তি কম ছড়ায়নি। একবার জানা গেল ১ মে, পরে আবার ৫ মে। আবার শোনা গেল মের প্রথম সপ্তাহেই জেল থেকে ছাড়া পাবেন মোহাম্মদ আসিফ। তারিখ নিয়ে আর বিভ্রান্তির অবকাশ নেই। তবে কালই মুক্ত আলোয় এসে গেলেন নিষিদ্ধ পাকিস্তানি পেসার। ছাড়া পেয়েছেন কেন্টের কেন্টারবুরি জেল থেকে। এই জেলেই আছেন সালমান বাট, আর জুয়াড়ি মাজহার মজিদ আছেন ব্রিটিশ নাগরিকদের উন্মুক্ত একটি জেলে।মোহাম্মদ আমিরের মতো আসিফও ছাড়া পেলেন অর্ধেক সাজা ভোগ করে। প্রতারণা ও দুর্নীতির দায়ে গত ৩ নভেম্বর লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে এক বছরের জেল হয়েছিল আসিফের। আমিরের হয়েছিল ৬ মাস, সালমান বাটের আড়াই বছর। গত ফেব্রুয়ারিতে ছাড়া পান আমির, ওই মাসেরই শেষ দিকে ফেরেন দেশে। আসিফ কবে দেশে ফিরবেন, এখনো নিশ্চিত নয়। তাঁর ভিসার মেয়াদ অবশ্য শেষ হয়ে গেছে। যদিও নবায়নের প্রক্রিয়া চলছে। আসিফের আইনজীবী রবি গিল জানিয়েছেন, আরও কিছুদিন ইংল্যান্ডে থেকে যেতে পারেন আসিফ। লন্ডনে থেকে চালিয়ে যেতে চান আইনি প্রক্রিয়া। লন্ডনের আদালতে আমির নিজের দোষ স্বীকার করলেও আসিফ ও বাট স্বীকার করেননি। গত নভেম্বরে কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছিলেন আসিফ। কিন্তু সেটি নাকচ হয়ে যায়। পরে তাঁর আইনজীবী জানিয়ে দিয়েছিলেন, নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন না তাঁর মক্কেল। তবে এখন মত পাল্টেছেন ২৯ বছর বয়সী পেসার। নিজেকে নির্দোষ প্রমাণের জন্য চালিয়ে যেতে চান আইনি লড়াই। আপিল করার প্রক্রিয়াও চলছে। দুই বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ ৭ বছরের জন্য আসিফকে নিষিদ্ধ করেছে আইসিসির বিশেষ ট্রাইব্যুনাল। ওয়েবসাইট।